নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
শারীরিক অসুস্থতার কারণে ঝালদা ১ নম্বর ব্লকের ইলু জারগো গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে সরে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের প্রলয় চট্টোপাধ্যায়। গত ১৮ মে তিনি বিডিওর কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন।
ইলু জারগো গ্রাম পঞ্চায়েত প্রধান প্রলয় চট্টোপাধ্যায় বলেন,“দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছি । চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি দলের সঙ্গেই আছি এবং পঞ্চায়েত সদস্য হিসেবেও কাজ চালিয়ে যাব"।
এদিকে, প্রধানের পদত্যাগের পর ইলু জারগো গ্রাম পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। মোট ১২ সদস্যের এই পঞ্চায়েতে তৃণমূলের দখলে রয়েছে ৭টি আসন, বিজেপির ৫টি। উপপ্রধানের পদটি সংরক্ষিত থাকায় বিজেপির ঝর্না মণ্ডল উপপ্রধান হয়েছিলেন। কিন্তু সম্প্রতি এক বাইক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হওয়ায় সেই পদও বর্তমানে শূন্য। ফলে প্রধান ও উপপ্রধান দুই গুরুত্বপূর্ণ পদই খালি থাকায় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে।
এই পরিস্থিতিকে কেন্দ্র করে বিরোধীরাও কটাক্ষ করতে শুরু করেছে। বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য রতন মাহাত বলেন,"এখন পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান দুই পদই খালি। সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যর্থতার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে"।