নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
সাইবার প্রতারণার বাড়বাড়ন্তের মধ্যে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগী হল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। সেই লক্ষ্যেই বেলকুড়ি হাইস্কুলে আয়োজন করা হয় সাইবার অপরাধ সচেতনতা শিবিরের। প্রায় ১৫০ জন পড়ুয়া ও স্থানীয় বাসিন্দা অংশ নেয় শিবিরে।
পুলিশ সূত্রের খবর, ডিজিটাল মাধ্যমে বাড়তে থাকা প্রতারণা সম্পর্কে মানুষকে সতর্ক করা এবং নিরাপদ ও দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। শিবিরে অনলাইন গেমিং জালিয়াতি, ইউপিআই ও ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত প্রতারণা, ওটিপি স্ক্যাম, সোশ্যাল মিডিয়া জালিয়াতি, পরিচয় চুরি এবং ভুয়ো অনলাইন বিনিয়োগের ফাঁদের মতো নানা ধরনের সাইবার অপরাধ সম্পর্কে বিশদে আলোচনা করা হয়।
শুধু প্রতারণার কৌশলই নয়, কীভাবে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখতে হবে এবং সন্দেহজনক অনলাইন কার্যকলাপ চিহ্নিত করতে হবে, সে বিষয়েও উপস্থিতদের পরামর্শ দেন বক্তারা। বিশেষ গুরুত্ব দেওয়া হয় সামাজিক মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষার ওপর।
এ ছাড়া কেউ সাইবার প্রতারণার শিকার হলে কীভাবে জাতীয় সাইবার অপরাধ রিপোর্ট পোর্টালে অভিযোগ জানানো যায় এবং নির্ধারিত সাইবার ক্রাইম হেল্পলাইনের মাধ্যমে দ্রুত সাহায্য নেওয়া সম্ভব, সে বিষয়েও অংশগ্রহণকারীদের বিস্তারিতভাবে অবহিত করা হয়।
পুলিশের দাবি, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পড়ুয়া ও সাধারণ মানুষের মধ্যে নিরাপদ ডিজিটাল অভ্যাস গড়ে তোলাই ছিল এই ইন্টারঅ্যাকটিভ কর্মসূচির প্রধান লক্ষ্য।