নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। তার আগেই দেশ জুড়ে শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। এই আবহেই পুরুলিয়া জেলা জুড়ে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় সাড়ম্বরে চলছে যোগাভ্যাসের কর্মসূচি। জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন সর্বত্রই এখন যোগব্যায়ামের ছবি।
জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে সম্প্রতি পুরুলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র অযোধ্যা পাহাড়ের 'আপার ড্যাম'-এ একটি যোগাভ্যাস শিবিরের আয়োজন করা হয়। প্রকৃতির কোলে পাহাড় ও জলাধারের মনোরম পরিবেশে এই যোগাভ্যাস অনুষ্ঠানটি ছিল চোখে পড়ার মতো।
প্রশাসনিক স্তরে সুস্থতা ও সচেতনতার বার্তা দিতে পিছিয়ে নেই পুরুলিয়া জেলা পুলিশও। জেলা পুলিশের উদ্যোগে পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনে একটি বিশেষ যোগাভ্যাস শিবিরের আয়োজন করা হয়। পুলিশ কর্মী ও আধিকারিকরা অত্যন্ত উৎসাহের সঙ্গে এই শিবিরে অংশ নেন।
শুধুমাত্র জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসনই নয়, স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে যোগ দিচ্ছে বিভিন্ন প্রশাসনিক বিভাগ এবং একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও।
উল্লেখ্য, জেলায় আয়োজিত এই সমস্ত যোগাভ্যাস অনুষ্ঠানই কেন্দ্রীয় সরকারের 'আয়ুষ মন্ত্রক' এর নির্ধারিত সুনির্দিষ্ট প্রটোকল বা নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করে পরিচালনা করা হচ্ছে।