নিজস্ব প্রতিনিধি, পাড়া:
এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পাড়া থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম সাজু আনসারি। তার বাড়ি পাড়া থানার তেঁতুলডিহি গ্রামে। রবিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ৫ দিনের পুলিশ হেফাজত হয়। অন্যদিকে এদিন শারীরিক পরীক্ষা করানো হয় নির্যাতিতা কিশোরীর।
জানা গিয়েছে গত ৬ মাস ধরে বিবাহিত ওই যুবক ভয় দেখিয়ে লাগাতার যৌন অত্যাচার চালিয়ে গিয়েছে ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণীর ওই কিশোরীর সঙ্গে। তবে এতদিন সে ভয়ে কাউকে কিছু জানায়নি। শনিবার পরিবারের লোকজনকে বিষয়টি জানানোর পর ওইদিনই নাবালিকার মা পাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পাড়া থানায় একটি পকসো আইনে মামলা রুজু করে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পাড়া থানার পুলিশ।