নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
মোবাইল স্ক্রিনের ওপারে লুকিয়ে থাকা অদৃশ্য এক মরণফাঁদ কেড়েছিল পুরুলিয়ার এক তরতাজা কিশোরের প্রাণ। অনলাইন গেমের নেশায় সম্প্রতি এক মেধাবী ছাত্রের আত্মহননের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা জেলাকে। সাইবার দুনিয়ার ফাঁদে একের পর এক ট্র্যাজেডির অভিঘাতে সতর্ক প্রশাসন। চিরাচরিত অপরাধ দমনের চেনা ছক থেকে বেরিয়ে, এবার ভবিষ্যৎ প্রজন্মকে মনস্তাত্ত্বিক ও প্রযুক্তিগতভাবে সুরক্ষিত করতে সরাসরি ময়দানে নামল পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ। বিভিন্ন স্কুলে সাইবার দুনিয়ার পাতা ফাঁদ নিয়ে পড়ুয়াদের সতর্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজকের ডিজিটাল যুগে কীভাবে ‘অনলাইন গেম’ কীভাবে শিশুদের শৈশব গিলে খাচ্ছে, তা বোঝাতে চাকদার বিএসএস সেন্ট্রাল স্কুলে শুক্রবার একটি বিশেষ সাইবার নিরাপত্তা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল।
আলোচনায় উঠে আসে এক ভয়ঙ্কর বাস্তব। গেমের বিভিন্ন ধাপ পার করার এক অদ্ভুত ও বিপজ্জনক চক্করে জড়িয়ে পড়ছে শিশুরা। এই চ্যালেঞ্জগুলোর আড়ালেই লুকিয়ে থাকে চরম মানসিক অবসাদ এবং বিপথে চালিত হওয়ার হাতছানি। যা অনেক সময় তাদের ঠেলে দিচ্ছে আত্মহননের মতো চরম ও আত্মঘাতী সিদ্ধান্তের দিকে।
এই গুরুত্বপূর্ণ শিবিরে উপস্থিত ছিলেন পুরুলিয়া সাইবার ক্রাইম থানার সাব-ইন্সপেক্টর অঞ্জন বিশ্বাস সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকারাও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান। স্কুলের ১০০ জন পড়ুয়া অত্যন্ত মনোযোগ সহকারে এই আলোচনায় অংশ নেয় ।