সাধারণ খবর ব্লক

লাগাতার বর্ষণে পড়েছে একের পর এক কাঁচা বাড়ি, বাঘমুন্ডিতে ত্রিপল হাতে পাশে পুলিশ

বাঘমুন্ডির একাধিক এলাকায় মাটির ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসে। প্রাথমিক তল্লাশিতে অন্তত ৯টি পরিবারের বাড়ি ভেঙে যাওয়ার তালিকা প্রস্তুত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মাথার ওপর জরুরি ছাদের ব্যবস্থা করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন।
লাগাতার বর্ষণে পড়েছে একের পর এক কাঁচা বাড়ি, বাঘমুন্ডিতে ত্রিপল হাতে পাশে পুলিশ

 

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে চলা অবিরাম ও টানা বর্ষণে পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি ব্লকের সার্বিক পরিস্থিতি চরম উদ্বেগজনক রূপ নিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের খবর পেয়েই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন  বাঘমুন্ডি থানার আইসি কৃষ্ণেন্দু বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাগাতার বৃষ্টির কারণে ব্লকের একাধিক এলাকায় মাটির ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসে। প্রাথমিক তল্লাশিতে অন্তত ৯টি পরিবারের বাড়ি ভেঙে যাওয়ার তালিকা প্রস্তুত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মাথার ওপর জরুরি ছাদের ব্যবস্থা করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন।

বাঘমুন্ডি বিডিও অফিসের সঙ্গে সমন্বয় রেখে ত্রাণ হিসেবে ত্রিপল সংগ্রহের বন্দোবস্ত করা হয়। এরপর আইসি কৃষ্ণেন্দু বিশ্বাসের নিজস্ব উদ্যোগে ও তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রিপল পৌঁছানোর কাজ শুরু হয়। প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যেই ৪টি দুর্গত পরিবারকে ত্রিপল পৌঁছে দেওয়া হয়েছে। তার মধ্যে কয়েকটি পরিবারে আইসি নিজে সরেজমিনে গিয়ে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন ও তাঁদের হাতে ত্রিপল তুলে দেন।

বাকি চিহ্নিত পরিবারগুলির কাছেও যাতে দ্রুত সাহায্য পৌঁছে যায়, তার জন্য ত্রাণ বিতরণের প্রক্রিয়া যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছে। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।