নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা ও সাঁতুড়ি:
ঘরে ঘরে বিষহরি দেবী মনসার আরাধনা ও পুজো-অর্চনায় মুখরিত ছিল চারপাশ, ঠিক তখনই সাপের উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল পুরুলিয়ার দুটি আলাদা গ্রামে। লোকালয়ে বিশালাকার দুটি অজগর ঢুকে পড়ার ঘটনায় অলৌকিক সংযোগের গুঞ্জন যেমন ছড়ায়, তেমনই স্থানীয়দের মধ্যে দেখা দেয় ব্যাপক চাঞ্চল্য।
ঘটনার সূত্রপাত কংসাবতী উত্তর বন বিভাগের অধীনে থাকা দুই ভিন্ন এলাকায়। সূত্রের খবর, প্রথম ঘটনাটি ঘটে পুঞ্চা রেঞ্জের বরিয়ারপুর গ্রামে। এক গৃহস্থের বাড়িতে আচমকাই ঢুকে পড়ে ৯ ফুটেরও বেশি লম্বা একটি বিশালাকার অজগর। বিষয়টি নজরে আসতেই চঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
ঠিক একই সময়ে প্রায় একই বন বিভাগের রঘুনাথপুর রেঞ্জের অন্তর্গত সাঁতুড়ি বিটের মুরাড্ডি গ্রাম। সেখানেও এক বাসিন্দার বসতবাড়ির ভেতর বিশাল এক অজগরকে দেখে আতঙ্কে ওঠেন পরিবারের সদস্যরা।
নাগপঞ্চমীতে দেবী মনসার আরাধনার বিশেষ দিনেই দুটি আলাদা গ্রামে বিশালাকার অজগরের এমন হানা দেওয়ার ঘটনায় গ্রামবাসীদের একটি অংশ এটিকে ‘ঐশ্বরিক’ বলে চর্চা শুরু করেন। তবে আতঙ্ক বাড়ায় দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় বন দফতরে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠে কংসাবতী উত্তর বন বিভাগের কর্মীরা। সাঁতুড়ি বিট ও পুঞ্চা রেঞ্জের উদ্ধারকারী দল দ্রুত দুটি গ্রামে পৌঁছে নিরাপত্তার সঙ্গে দুটি সাপকেই আয়ত্তে আনে এবং গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।