সাধারণ খবর ব্লক

নতুন এসপির উদ্যোগে খাটিয়া বৈঠক বান্দোয়ানে, হাতে হাতে পৌঁছালো জরুরি ফোন নম্বর

নাগরিক নিরাপত্তা ও জনসচেতনতা বাড়াতে গ্রামবাসীদের উঠোনে পৌঁছে যাওয়ার নাম খাটিয়া বৈঠক। গ্রামবাসীদের মতন করে জনসংযোগ বাড়াতে পুরুলিয়ার নতুন পুলিশ সুপার কুমার শানি রাজ দায়িত্ব গ্রহণের পর এমন উদ্যোগে দেওয়া হয়েছে জোর।
নতুন এসপির উদ্যোগে খাটিয়া বৈঠক বান্দোয়ানে, হাতে হাতে পৌঁছালো জরুরি ফোন নম্বর

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

নাগরিক নিরাপত্তা ও জনসচেতনতা বাড়াতে গ্রামবাসীদের উঠোনে পৌঁছে যাওয়ার নাম খাটিয়া বৈঠক। গ্রামবাসীদের মতন করে জনসংযোগ বাড়াতে পুরুলিয়ার নতুন পুলিশ সুপার কুমার শানি রাজ দায়িত্ব গ্রহণের পর এমন উদ্যোগে দেওয়া হয়েছে জোর। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে বান্দোয়ান থানার পক্ষ থেকে এই থানার রাজগ্রাম ও লতাপাড়া গ্রামে এমনই সভার আয়োজন করা হয়।

রাজগ্রামে খাটিয়া বৈঠকের মাধ্যমে বাল্যবিবাহ, সাইবার প্রতারণা, ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা-সহ বিভিন্ন সামাজিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। থানার ওসি, থানা এবং জেলা কন্ট্রোল রুমের ফোন নম্বরের পাশাপাশি মানবাজার মহকুমা পুলিশ আধিকারিক শাশ্বতী শ্বেতা সামন্ত-র যোগাযোগ নম্বরও বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়। যাতে প্রয়োজনে দ্রুত পুলিশের সহায়তা পাওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে।

অন্যদিকে, লতাপাড়া গ্রামে বাল্যবিবাহ, সাইবার জালিয়াতি ও ট্রাফিক সচেতনতার পাশাপাশি সাপের কামড়ের মতো জরুরি পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। বান্দোয়ান গ্রামীণ হাসপাতালের এক চিকিৎসক উপস্থিত থেকে সর্প দংশনের ক্ষেত্রে কী করণীয় এবং কী করণীয় নয়, সে বিষয়ে গ্রামবাসীদের সচেতন করেন। উভয় কর্মসূচিতেই উপস্থিত ছিলেন মানবাজারের এসডিপিও শাশ্বতী শ্বেতা সামন্ত। ছিলেন বান্দোয়ান থানার ওসি মৃন্ময় ভক্ত। সঙ্গে ছিলেন থানার অন্যান্য পুলিশকর্মীরাও। পুলিশের দাবি, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলা এবং দ্রুত পরিষেবা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও চলবে।