ক্রাইম ব্লক

টোল প্লাজায় মহিলা কর্মীদের মানসিক নির্যাতন, অভিযোগে অবরুদ্ধ জাতীয় সড়ক

পুরুলিয়ার বেলকুঁড়ি টোল প্লাজায় মহিলা কর্মীদের মানসিক নির্যাতন ও বিনা কারণে ছাঁটাইয়ের হুমকির অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ালো। প্রতিবাদে ধানবাদ–জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান টোল প্লাজার মহিলা কর্মীরা।
টোল প্লাজায় মহিলা কর্মীদের মানসিক নির্যাতন, অভিযোগে অবরুদ্ধ জাতীয় সড়ক

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পুরুলিয়ার বেলকুঁড়ি টোল প্লাজায় মহিলা কর্মীদের মানসিক নির্যাতন ও বিনা কারণে ছাঁটাইয়ের হুমকির অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ালো। প্রতিবাদে ধানবাদ–জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান টোল প্লাজার মহিলা কর্মীরা।

টোল প্লাজার মহিলা কর্মচারীগণ জানান,
“আমাদের উপর দীর্ঘদিন ধরে মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। বিনা কারণে চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। তাই বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি।”

এরপর পাঁচজন মহিলা কর্মী পুরুলিয়া মফস্বল থানায় গিয়ে জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পরিস্থিতি জটিল আকার নেওয়ায় অভিযুক্ত জেনারেল ম্যানেজার সুরেশ শর্মাও তাঁর আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় হাজির হন।

পুরুলিয়া জজ কোর্টের আইনজীবী অমিয় বন্দ্যোপাধ্যায়
বলেন, "দুইপক্ষের বক্তব্য পুলিশ শুনেছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে। আইন অনুযায়ী বিষয়টি দেখার আবেদন জানানো হয়েছে।”

টোল প্লাজা জেনারেল ম্যানেজার সুরেশ শর্মা বলেন, “কাউকে অন্যায়ভাবে হুমকি দেওয়া হয়নি। কর্মক্ষেত্রে কিছু প্রশাসনিক বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। আলোচনার মাধ্যমেই পরিস্থিতি মিটে গিয়েছে।”
থানায় দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা চলে। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মহিলা কর্মীরা তাঁদের অভিযোগ তুলে নিতে রাজি হন এবং জাতীয় সড়কের অবরোধও তুলে নেওয়া হয়। তবে টোল প্লাজায় এই বিক্ষোভ ও থানায় অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।