নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
অন্নপূর্ণা যোজনার প্রকৃত উপভোক্তারা যাতে কোনও ভাবেই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার পাশাপাশি জেলার রাস্তাঘাটের হাল-হকিকত নিয়ে পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থমের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও পূর্ত বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি। শুক্রবার পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবনে ওই বৈঠকে অন্নপূর্ণা যোজনা, সড়ক যোগাযোগ-সহ জেলার একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রকৃত উপভোক্তাদের কোনও সমস্যা হচ্ছে কি না, তা নিয়ে মন্ত্রী খোঁজ নেন। যাঁরা যোগ্য, তাঁদের নাম যাতে কোনও কারণে বাদ না যায় এবং যোগ্যদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছায়, সে বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করেন তিনি। একই সঙ্গে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতদের বিষয়টিও খতিয়ে দেখার কথা বলেন মন্ত্রী।
বৈঠকে জেলার রাস্তাঘাট নিয়েও আলোচনা হয়। বর্ষার সময়ে একাধিক রাস্তার বেহাল দশা, কোথাও খানাখন্দ তৈরি হওয়া এবং গুরুত্বপূর্ণ সড়কগুলির মেরামতি ও রক্ষণাবেক্ষণ নিয়ে জেলাশাসকের সঙ্গে কথা বলেন পূর্ত দফতরের রাষ্ট্রমন্ত্রী। জেলার বিভিন্ন প্রান্তে চলা রাস্তার কাজের অগ্রগতি এবং প্রয়োজনীয় নতুন রাস্তার বিষয়েও আলোচনা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
শুধু প্রকল্প বা রাস্তা নয়, জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হয়। পানীয় জলের সমস্যা, বর্তমানে চাষাবাদের পরিস্থিতি, কৃষকদের প্রয়োজন সহ একাধিক বিষয় উঠে আসে আলোচনায়। জেলার বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা কোথায় বেশি, তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়েও কথা হয়।