নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া জেলা পুলিশ। সোমবার জেলা পুলিশের উদ্যোগে ঝালদা এবং মানবাজার মহকুমার অধীনে পৌর ও ব্লক প্রশাসনের সাথে সমন্বয় রেখে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও প্রতিষ্ঠান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক চলাকালীন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিষয়গুলিতে প্রশাসনের অবস্থান সম্পর্কে দেওয়া হয় স্পষ্ট বার্তা। যে বিষয়গুলির ওপর জোর দেওয়া হয়েছে সেগুলি হলো,
১) ধর্মীয় স্থানগুলিতে লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে শব্দের মাত্রা সম্পর্কিত সরকারী নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।
৩) প্রচলিত নিয়ম ও কানুন লঙ্ঘন করে যত্রতত্র বা বেআইনিভাবে গবাদি পশু জবাই করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৩) যেকোনো ধর্মীয় কর্মসূচির সময় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে রাস্তায় জমায়েত এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত সমস্ত অংশীজন ও সাধারণ মানুষের কাছে জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। একই সাথে সবাইকে আইন মেনে চলতে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করার অনুরোধ করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি রুখতে পুলিশ ও সিভিল প্রশাসন যে যৌথভাবে তৎপর সোমবারের এই বৈঠক তারই প্রমাণ।