সাধারণ খবর ব্লক

বজ্রাঘাত ফের প্রাণঘাতী পুরুলিয়ায়, ঝালদায় কিশোরের মৃ*ত্যু, জখম ২

রবিবার দুপুরে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত কেড়ে নিল এক কিশোরের প্রাণ। আহত হল আরও দুই জন। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঝালদা থানার তানাশী গ্রামে। একই সঙ্গে বজ্রাঘাতে মারা গিয়েছে সাতটি ছাগল।
বজ্রাঘাত ফের প্রাণঘাতী পুরুলিয়ায়, ঝালদায় কিশোরের মৃ*ত্যু, জখম ২

নিজস্ব প্রতিনিধি,ঝালদা:

রবিবার দুপুরে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত কেড়ে নিল এক কিশোরের প্রাণ। আহত হল আরও দুই জন। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঝালদা থানার তানাশী গ্রামে। একই সঙ্গে বজ্রাঘাতে মারা গিয়েছে সাতটি ছাগল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোর মোহিত মাঝি (১৪)র  সঙ্গে দীপিকা মাঝি এবং হরিচরণ মাঝি  রবিবার দুপুরে গ্রামের মাঠে ছাগল চরাতে গিয়েছিল। সেই সময় আচমকাই কালো মেঘে আকাশ ঢেকে যায়। শুরু হয় বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি। আশ্রয় নেওয়ার আগেই বজ্রাঘাতে তিন জন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা মোহিতকে মৃত বলে ঘোষণা করেন। দীপিকার চিকিৎসা চলছে। প্রাথমিক চিকিৎসার পর হরিচরণকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

বজ্রাঘাতের জেরে মাঠে থাকা সাতটি ছাগলেরও মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। একদিকে কিশোরের মৃত্যু অন্যদিকে এতগুলি গবাদি পশুর প্রাণহানিতে  কার্যত ভেঙে পড়েছে পরিবারটি। ঘটনার খবর পেয়ে বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাত ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের তরফে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।