নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
প্রতিদিনের মতোই রবিবার ভোরবেলা ঘুম থেকে উঠে বাসস্ট্যান্ডের দিকে রওনা হয়েছিলেন বাস চালক অজিত মাঝি। চেনা রুট, চেনা বাস আর চেনা সহকর্মী খালাসি সন্তু মাহাতো। কিন্তু রবিবার ভোরের আলো ফুটতেই সেই চেনা জীবনের সমীকরণটা যে এভাবে বদলে যাবে, তা ভাবতেও পারেননি তিনি। মানবাজার বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পুরুলিয়াগামী একটি বেসরকারি বাসের কেবিন থেকে উদ্ধার হলো খালাসি সন্তু মাহাতোর নিথর দেহ ।
বাস চালক অজিত মাঝি জানান, রোজকার নিয়ম মেনে রাতে বাসের কেবিনেই ঘুমাতেন সন্তু। ভোর হতেই চালক অজিতবাবু বাসের বাইরে থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না মেলায় সন্দেহ হয় তাঁর। জোর করে বাসের দরজা খুলে ভেতরে ঢুকতেই চোখের সামনে ভেসে ওঠে এক হাড়হিম করা দৃশ্য,দেখেন কেবিনের মেঝেতে পড়ে রয়েছে তাঁর দীর্ঘদিনের কাজের সঙ্গীর নিথর দেহ।
মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে চারদিকে। সাতসকালেই মানবাজার বাস স্ট্যান্ড চত্বরে জমা হয় ভিড়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ। দেহটি উদ্ধার করে তড়িঘড়ি মানবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান অনেক আগেই প্রাণ হারিয়েছেন সন্তু।
মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। মৃত্যুর কারন নিশ্চিত করতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।