নিজস্ব প্রতিনিধি, ঝালদা;
টানা বর্ষণের জেরে এবার ভেঙে পড়ল ঝালদা থানার খেলারি নদীর ওপর তৈরি ঐতিহাসিক তোড়াং সেতুর একাংশ। সেতুতে ধস নামার পর থেকেই নিরাপত্তার খাতিরে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। ফলে জারগো ও ঝালদা শহরের সঙ্গে তোড়াং সহ আশেপাশের অন্তত ডজনখানেক গ্রামের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন হাজার হাজার স্থানীয় বাসিন্দা।
দুর্ঘটনাস্থলে যেকোনো ধরনের বিপর্যয় এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুপ্রান্তে ব্যারিকেড গড়ে তোলা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য বসানো হয়েছে পুলিশি পাহারাও । পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার বিকেলে সরাসরি ঘটনাস্থলে পৌঁছান বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাত। সঙ্গে ছিলেন ঝালদা-১ নম্বর ব্লকের বিডিও এবং প্রশাসনের পদস্থ আধিকারিকরা। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতও।
বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাত বলেন, "সেতুটির ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা এবং কীভাবে দ্রুত সময়ে এটিকে পুনরায় ব্যবহারযোগ্য বা পুনর্নির্মাণ করা সম্ভব, তা সরেজমিনে দেখার জন্যই আজকের এই পরিদর্শন। পূর্ত দপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে পুরো বিষয়টি জরুরি ভিত্তিতে জানানো হচ্ছে, যাতে দ্রুত স্থায়ী সমাধান বের হয়।"
প্রশাসনের দিকেই আপাতত তাকিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলির বাসিন্দারা। এখন দেখার, মন্ত্রী ও বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর কত দ্রুত এই গুরুত্বপূর্ণ সেতুটির পুর্ননির্মাণ কাজ শুরু হয়।