নিজস্ব প্রতিনিধি, ঝালদা, কোটশিলা:
জেলাজুড়ে বাড়ছে চুরির উপদ্রব।
রবিবার ও সোমবার রাতে পুরুলিয়ার ঝালদা পৌরসভা এলাকা এবং কোটশিলা থানার কানুডি গ্রামে বেশ কয়েকটি চুরির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
সোমবার গভীর রাতে ঝালদা পৌরসভার ১১ ও ২ নম্বর ওয়ার্ডের দু’টি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
১১ নম্বর ওয়ার্ডের বাগতি পাড়ায় দুলাল বাউরি বলেন,"পরিবারের সদস্যেরা ঘটনার সময় পাশের বাড়িতে ছিলেন। সেই সুযোগে ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। বিয়ের জন্য রাখা দানসামগ্রী, সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয় তারা"।
একই রাতে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালা ডোমের বাড়িতেও হানা দেয় চোরেরা। তিনি বলেন, "আমাকে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে আটকে দিয়েছিল। তারপর অন্য ঘরে ঢুকে আলমারি ভেঙে প্রায় ১০ হাজার টাকার জিনিসপত্র নিয়ে গেছে। প্রতিবেশীরা এসে দরজা খোলার পর দেখি সব জিনিস এলোমেলো পড়ে আছে।"
ঝালদার পাশাপাশি চুরির ঘটনা ঘটেছে কোটশিলা থানার কানুডি গ্রামেও। রবিবার রাতে কানুডি গ্রামের বাসিন্দা রঞ্জিত সিংহের মুদি দোকানের তালা ভেঙে ক্যাশ বাক্স থেকে নগদ ৩,০০০ টাকা চুরি যায়। সোমবার ভোরে রঞ্জিত বাবু দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি টের পান।
রঞ্জিত বাবুর অভিযোগ, শুধু তাঁর দোকানই নয়, ওই একই রাতে গ্রামের আরও তিন বাসিন্দা রাসবিহারী কুমার, মালতি কুমার এবং সেবাদাস কুমারের বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে। একই রাতে একটি গ্রামে পরপর চার জায়গায় চুরির ঘটনায় কোটশিলার কানুডি গ্রামেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।