সাধারণ খবর ব্লক

কারখানায় বিনিয়োগ কত সেটা বড় কথা নয়, কাজ মিলছে ক'জনের? রঘুনাথপুরে অমিত মেটালিক্স-র ভূমি পূজন করে শুভেন্দু

একটি শিল্প সংস্থা কতটা ইনভেস্ট করছে, সেটা সরকারের কাছে বড় বিবেচ্য বিষয় নয়। তার কারখানায় কতজন স্থানীয় মানুষ কাজ পাচ্ছেন, তার ওপর নির্ভর করবে সেই কোম্পানিকে সরকার কতটা সাহায্য করবে। রঘুনাথপুরে 'অমিত মেটালিক্স'-এর কারখানার ভূমিপূজনে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কারখানায় বিনিয়োগ কত সেটা বড় কথা নয়, কাজ মিলছে ক'জনের?  রঘুনাথপুরে অমিত মেটালিক্স-র ভূমি পূজন করে শুভেন্দু

 

 

 

সুইটি চন্দ্র, রঘুনাথপুর:

একটি শিল্প সংস্থা কতটা ইনভেস্ট করছে, সেটা সরকারের কাছে বড় বিবেচ্য বিষয় নয়। তার কারখানায় কতজন স্থানীয় মানুষ কাজ পাচ্ছেন, তার ওপর নির্ভর করবে সেই কোম্পানিকে সরকার কতটা সাহায্য করবে। রঘুনাথপুরে 'অমিত মেটালিক্স'-এর কারখানার ভূমিপূজনে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শ্রাবণের শেষ সোমবারে রাজ্যের শিল্পতালুক রঘুনাথপুরের দুরমুটে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা রাজ্যের প্রথম 'গ্রিনফিল্ড সমন্বিত ইস্পাত কারখানা'-র ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন সম্পন্ন হয়। বৃক্ষরোপণ করে এই মেগা প্রকল্পের কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে রাজ্য সরকারের গত ১০০ দিনের সাফল্যের কথা তুলে ধরে এবং বিগত সময়ের রাজনীতির সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা ৩৪ বছরের উগ্র ট্রেড ইউনিয়নের পলিটিক্স এবং তালাবন্ধের রাজনীতি যেমন ফেলে দিতে চাই।  তেমনই গত ১৫ বছরের কোনো শিল্প না হওয়া এবং শুধুই খয়রাতি ও তোষণের রাজনীতি থেকেও বেরিয়ে আসতে চাই। জমি অধিগ্রহণ নিয়ে আমাদের নীতি অত্যন্ত স্পষ্ট। বন্দুক দেখিয়ে জোর করে জমি নেওয়া হবে না। আবার শিল্পপতিদের একা ছেড়ে না দিয়ে কৃষকদের স্বার্থ রক্ষা করে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করে জমি দেওয়া হবে। যেমনটা হরিয়ানা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ বা গুজরাটে হয়েছে।"
মুখ্যমন্ত্রী আরও বলেন,
"রঘুনাথপুরের এই আধুনিক কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে। প্রায় ১৫১ একর জমির ওপর নির্মিত এই কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে প্রায় ১২ লক্ষ টন। সংস্থাকে কাজের মেয়াদ ১০০০ দিন থেকে কমিয়ে ৮০০ দিনের মধ্যে শেষ করার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।" পাশাপাশি, ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগকারীদের স্থানীয় জটিলতা এড়াতে সরাসরি রাজ্য স্তর থেকে ছাড়পত্র দেওয়া এবং ল্যান্ড পলিসি সংশোধনের জন্য শিল্প ও অর্থ মন্ত্রীর নেতৃত্বে গঠিত 'গ্রুপ অব মিনিস্টার্স'-এর ভূমিকার কথা  উল্লেখ করেন। অমিত মেটালিক্স লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর অমিতকুমার সিং জানান,
"আমরা শুধু একটি ইস্পাত কারখানা তৈরি করছি না। এটি পুরুলিয়া ও পশ্চিমবঙ্গের প্রতি আমাদের দীর্ঘমেয়াদী অঙ্গীকার। কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়ে অঞ্চলের অর্থনৈতিক রূপান্তর ঘটানোই আমাদের লক্ষ্য।" রঘুনাথপুরের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়, পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং, শিল্প ও বাণিজ্যের রাষ্ট্রমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, অনগ্রসর  শ্রেণী কল্যাণ ও পূর্ত বিভাগের রাষ্ট্রমন্ত্রী  নদিয়ারচাঁদ বাউরি, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, স্থানীয় বিধায়ক মামনি বাউরি, জেলাশাসক সুধীর কোন্থম ও পুলিশ সুপার কুমার শানি রাজ।