নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি :
এক বধূকে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির পাঁচ জনের বিরুদ্ধে। ঘটনায় ওই মৃতার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে তার স্বামীকে গ্রেফতার করল বাঘমুন্ডি থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম উমেশ গোপ। তার বাড়ি বাঘমুন্ডি থানার কড়েডি গ্রামে।
জানা গিয়েছে, চলতি বছর ২৪ মার্চ শ্বশুরবাড়ি কড়েডি গ্রাম থেকে বিজলা গোপের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় জয়পুর থানার হাতিমুড়ি গ্রামের বাসিন্দা ওই বধূর বাবা ফাগু গোপ গত বৃহস্পতিবার বাঘমুন্ডি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানিয়েছেন , দেড় বছর আগে তার মেয়ের বিয়ে দেন। বিয়ে পর থেকে শ্বশুর বাড়ির লোকজন ওই বধূকে মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার শুরু করে। অতিরিক্ত ৩ লাখ টাকা বাড়ি থেকে নিয়ে আসার জন্য তারা চাপ দিত বলে অভিযোগ। মৃতার বাবার অভিযোগ তার মেয়েকে গলায় দড়ি দিয়ে খুন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বাঘমুন্ডি থানার পুলিশ ওইদিন মৃতার স্বামী, শ্বশুর ,শাশুড়ি সহ মোট ৫ জনের বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের মামলা রুজু করে।তার পরেই ওই বধূর স্বামীকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।