নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:
প্রবাদের পুকুর চুরি, এবার বাস্তবে। তবে পুকুর চুরি নয়, বাগান চুরি। স্কুলের গোটা বাগানটাই চুরি হয়ে গেল। রাজ্যে তৃণমূল আমলের একের পর এক দুর্নীতির খতিয়ান যখন প্রকাশ্যে আসছে, ঠিক তখনই পুরুলিয়া জেলার নিতুড়িয়া ব্লকের জনার্দনডি হাইস্কুল থেকে সামনে এলো ব্যতিক্রমী অনিয়মের চিত্র। সরকারি টাকা বরাদ্দ হলেও খোদ সরকারি স্কুলের আমবাগান ও বাথরুম নির্মাণ প্রকল্পেই কোটি টাকার ওপর তছরুপের মারাত্মক অভিযোগ সামনে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ২০১৭-১৮ অর্থবর্ষে এই হাইস্কুলে ২০০টি আমগাছ লাগিয়ে একটি বড় ফলের বাগান তৈরির জন্য ১ লক্ষ ৩৬ হাজার ৯৬৪ টাকা অনুমোদন করা হয়েছিল। কিন্তু বর্তমানে স্কুলে গিয়ে সেই আমবাগানের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। সবটাই যেন কাগজে-কলমে সীমাবদ্ধ। শুধু তাই নয়, প্রায় ২৫ লক্ষ টাকা বিপুল ব্যয়ে তৈরি করা স্কুলের বাথরুমটি নিয়ে তৈরি হয়েছে বড়সড় বিতর্ক। বাথরুমটি সীমানা প্রাচীরের বাইরে নির্জন জঙ্গলের মাঝে তৈরি হওয়ায় ছাত্রছাত্রী বা শিক্ষক-শিক্ষিকা কারোর পক্ষেই তা ব্যবহার করা সম্ভব নয়। স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল মণ্ডলও স্বীকার করে নিয়েছেন যে, অদ্ভুত স্থানে নির্মাণের ফলে বাথরুমটি কার্যত একদমই ব্যবহার অযোগ্য হয়ে পড়ে রয়েছে। এই অসংগতি ও দুর্নীতির খবর পেয়ে সম্প্রতি স্কুল প্রাঙ্গণ পরিদর্শনে যান স্থানীয় বিজেপি বিধায়ক মামনি বাউরী।
রঘুনাথপুরের বিধায়ক মামনি বাউরী বলেন, "বিগত তৃণমূল সরকারের আমলে কীভাবে কাটমানি ও দুর্নীতির রাজত্ব চলেছে, তার সেরা উদাহরণ এই জনার্দনডি হাই স্কুল। আমবাগান বানানোর নামে সরকারি তহবিল থেকে ১ লক্ষ ৩৬ হাজারেরও বেশি টাকা তুলে নেওয়া হলো, অথচ বাস্তবে একটা গাছেরও পাত্তা নেই! অন্যদিকে, ২৫ লক্ষ টাকা খরচ করে এমন জায়গায় বাথরুম বানালো যা স্কুলের বাউন্ডারির বাইরে জঙ্গলের মধ্যে—যা কেউ ব্যবহারই করতে পারছে না। বাগান আর বাথরুম নির্মাণের অজুহাতে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা স্রেফ লুঠ করা হয়েছে। আমরা এর শেষ দেখে ছাড়ব। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হতে হবে এবং এই লুঠপাটের সাথে যুক্ত প্রত্যেকটি অপরাধীকে চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না, হিসাব সবাইকে দিতে হবে।"
অন্যদিকে, বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়লেও কোনো রকম সাফাই গাইতে চাননি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল মণ্ডল। স্কুলের নামে আসা সরকারি টাকায় যদি কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকে, তবে তার উপযুক্ত ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি ।