নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
সাধারণ মানুষের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পুরুলিয়া শহর জুড়ে কঠোর পদক্ষেপ নিল ফুড সেফটি দপ্তর। জেলা পুলিশের দুর্নীতি দমন শাখা ও স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের সাথে নিয়ে শহরের ব্যস্ততম হাট-বাজার, হোটেল এবং রেস্তোরাঁগুলিতে চেকিং চালানো হয়।
অভিযানের মূল লক্ষ্য ছিল খাবারে ক্ষতিকারক রাসায়নিক বা কৃত্রিম রঙের ব্যবহার বন্ধ করা এবং প্রতিটি খাদ্য প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স খতিয়ে দেখা। পরিদর্শনের সময় রাস্তার পাশে উন্মুক্ত অবস্থায় খাবার সাজিয়ে রাখা এবং বেচাকেনা করার অনিয়ম দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন প্রশাসনিক
আধিকারিকরা।
অভিযানের পুরুলিয়া স্টেশন পাড়া এলাকায় একটি খাদ্য বিপণিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে বেআইনিভাবে মজুত করা গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়।
হোটেলের মালিক চঞ্চল চৌধুরী জানান,
"আমরা কমার্শিয়াল গ্যাসই ব্যবহার করি। কিন্তু এই মুহূর্তে কমার্শিয়াল গ্যাসের ঠিকমতো সাপ্লাই ছিল না, একটা ক্রাইসিস চলছিল। সেই কারণেই বাধ্য হয়ে আমরা ডোমেস্টিক গ্যাস ব্যবহার করেছি। আমরা তো আর খুব বড় হোটেল চালাই না, ছোটখাটো হোটেল। সাধ্যমতো সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। ভবিষ্যতে যাতে এরকম ভুল আর না হয়, সেদিকে আমরা নজর রাখব।"
এছাড়াও হোটেলে বহু পুরনো খাবার বা মসলা জমা রাখার অভিযোগ প্রসঙ্গে চঞ্চল বাবুর অভিযোগ,বাসি মাংস বা সবজি রাখা হয় না, তবে দৈনন্দিন রান্নার সুবিধার্থে কিছু মসলা আগে থেকে বানিয়ে রাখতে হয়, কারণ সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট মসলা তৈরি করা সম্ভব নয়।" খাদ্য সুরক্ষা দপ্তর জানাচ্ছে, ব্যবসার অজুহাতে খাবারের গুণগত মান বা নিরাপত্তায় কোনো আপস করা হবে না। শহরের অন্যান্য এলাকাতেও এই ধরণের পরিদর্শন অব্যাহত থাকবে।