দেবীলাল মাহাতো , পুরুলিয়া:
প্রকৃত উপভোক্তাদের হাতে যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পৌঁছায়, তা নিশ্চিত করতে জেলাজুড়ে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ । সেই সমীক্ষার কাজ সঠিক বিধি মেনে হচ্ছে কিনা, তা সরেজমিনে খতিয়ে দেখলেন পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থম। রবিবার তিনি প্রথমে পুরুলিয়া ১ নং ব্লক এবং পরে আড়শা ব্লকের বিভিন্ন বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষার কাজ খতিয়ে দেখেন। পাশাপাশি উপভোক্তাদের সঙ্গে কথা বলে তাঁদের মতামতও শোনেন।
এদিন জেলাশাসক ও মহকুমাশাসক (সদর) পুরুলিয়া ১ নং ব্লকের চাকোলতোড় গ্রাম পঞ্চায়েতের ৫টি বাড়ি ও আড়শা ব্লকের মানকিয়ারী গ্রাম পঞ্চায়েতের ৭ টি বাড়ির সমীক্ষার কাজ খতিয়ে দেখেন । জানা গিয়েছে, গত ৪ ঠা জুন থেকে এই কাজ শুরু হয়েছে। চলবে ৪ ঠা আগস্ট পর্যন্ত। পুরুলিয়া ১ নং ব্লকে জেলাশাসকের সঙ্গে ছিলেন পুরুলিয়া সদর মহকুমাশাসক সুদর্শন চৌধুরী, পুরুলিয়া ১ নং ব্লকের বিডিও মনোজ কুমার মাইতি ও আড়শায় ছিলেন আড়শা ব্লকের বিডিও পার্থ ঘোষ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা।
জেলাশাসক বলেন, "প্রধান মন্ত্রী আবাস যোজনার জন্য বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ করা হচ্ছে।প্রকৃত উপভোক্তারা যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পায় তার জন্যেই এই সমীক্ষা।"