নিজস্ব প্রতিনিধি, বলরামপুর
এক বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্যকে মাওবাদী দিয়ে খুন করানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বাবার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বলরামপুরের বড় উরমা অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, শুক্রবার সকালে বড় উরমা অঞ্চলের পাড়দ্দা গ্রামের বাসিন্দা তথা বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য শরাবন কালিন্দীকে রাস্তায় আটকে হুমকি দেন গ্রামেরই বাসিন্দা অমৃত কালিন্দী। শরাবনের দাবি, তাঁকে উদ্দেশ করে অমৃত বলেন, ‘‘মাওবাদী দিয়ে তোকে পাঁচ বছরের মধ্যে খতম করাবো।’’
ঘটনার পর আতঙ্কিত শরাবন বলরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, পঞ্চায়েত নির্বাচনে অমৃত কালিন্দীর ছেলে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। সেই রাজনৈতিক বিরোধের জেরেই তাঁকে বারবার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ বিজেপি সদস্যের।
শরাবনের কথায়, ‘‘আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রকাশ্যে এ ধরনের হুমকি অত্যন্ত উদ্বেগজনক।’’ অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
এক সময় মাওবাদী কার্যকলাপের জন্য পরিচিত জঙ্গলমহলের পুরুলিয়ায় ফের ‘মাওবাদী’ নাম জড়িয়ে হুমকির অভিযোগ সামনে আসায় বিষয়টি ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।