সুইটি চন্দ্র, কড়াডি:
এই প্রথম একটি সমাজের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আদিবাসী কুড়মি সমাজের করম পর্বতিয়া মহাজড়ুয়াহিতে অংশ নেওয়ার পর পুরুলিয়ায় হবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। ২০ সেপ্টেম্বর পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের কড়াডি গ্রামের মাঠে আদিবাসী কুড়মি সমাজের অনুষ্ঠান। শুক্রবার অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও পূর্ত বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি। এদিন সাংসদ-মন্ত্রীর সঙ্গে ওই কর্মসূচিস্থল পরিদর্শন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, একাধিক বিধায়ক সহ বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো।
সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন,
"পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড মিলিয়ে প্রায় ৬ লাখ লোকশিল্পী এই বিশালাকার করম নাচে অংশ নেবেন, যা এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী প্রথমবার পুরুলিয়ায় কোনো সামাজিক মেগা ইভেন্টে যোগ দিয়ে জেলা প্রশাসনের সঙ্গে সরাসরি বৈঠক করবেন, যা সমগ্র জেলার প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।"