নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুলিশের চোখকে ধুলো দিতে একদম হিন্দি থ্রিলার সিনেমার মতো গাঁজা পাচারের চেষ্টা। একটি গাড়িতে ঠাসা মাদক, আর সেটিকে নিরাপদে ঝাড়খণ্ড সীমান্ত পার করাতে পিছু পিছু অন্য গাড়িতে নজরদারি চালাচ্ছিল এসকর্ট টিম। কিন্তু সেই মোক্ষম চালেও শেষ রক্ষা হলো না। গোপন সূত্রে আগাম খবর পেয়ে রুদড়া এলাকায় ওত পেতে বসেছিল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। ব্যাস, তাতেই আটকে গেল ওড়িশা থেকে ঝাড়খণ্ডগামী গাঁজা বোঝাই গাড়ি।আটক হলো দুটি গাড়িই, উদ্ধার ১৮০ কেজি গাঁজা। পুলিশের হাতে আটক ৫ আন্তঃরাজ্য মাদক পাচারকারী।
পুলিশ সূত্রে খবর, ওড়িশার বালেশ্বর থেকে বিপুল পরিমাণ বেআইনি গাঁজা নিয়ে ঝাড়খণ্ডের দিকে রওনা দিয়েছিল একটি চারচাকা গাড়ি। তাতে চালকসহ ছিল ৩ জন। সেই গাড়িটির ওপর কড়া নজর রেখে এবং সামনে পুলিশি চেকিং রয়েছে কিনা তা দেখতে কনভয়ের মতো অন্য একটি গাড়িতে নজরদারি চালাচ্ছিল বাকি দুই সদস্য। পুরুলিয়া-রাঁচি ১৮ নম্বর জাতীয় সড়ক হয়ে এই পাচারের পরিকল্পনা ছিল তাদের। তবে জেলা পুলিশের কাছে আগেই পৌঁছে গিয়েছিল খবর। রাঁচি রোডের রুদড়া সংলগ্ন এলাকায় কড়া পুলিশি প্রহরার বন্দোবস্ত করা হয়। ওই দুটি গাড়ি মফস্বল থানার এলাকার মধ্যে ঢোকামাত্রই পুলিশ সেগুলিকে ঘিরে ফেলে। প্রথম গাড়িতে তল্লাশি চালাতেই মিলে যায় ১৮০ কেজির বেশি গাঁজা ভর্তি প্যাকেট। হাতেনাতে পাকড়াও করা হয় ৩ জনকে। অন্যদিকে পিছনের নজরদার গাড়িতে থাকা ২ জনকেও ধরে ফেলে পুলিশ।
ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয় ৫টি মোবাইল ফোন। ধৃত ৫ জনের বাড়িই পাশের রাজ্য ঝাড়খণ্ডে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। শনিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ, যাতে এই চক্রের শিকড় কত দূর ছড়ানো তা বের করা যায়।