সাধারণ খবর শহর

রাস্তায় আবর্জনা ফেললেই ২০০ টাকা জরিমানা, নয়া বিধি মনে করিয়ে দিয়ে পুরুলিয়া শহরের সাফাই অভিযানে পথে এসডিও

রাজ্যের নির্দেশে পরিছন্নতা বিধিতে কড়াকড়ি হওয়ার পর প্রায় প্রতিদিনই অভিযানে নামছে পুরুলিয়া পুরসভ পুরুলিয়া (সদর) মহকুমাশাসক তথা পুরুলিয়া পুরসভার প্রশাসক সুদর্শন চৌধুরির তত্ত্বাবধানে শহর পুরুলিয়ায় বিশেষ অভিযান হয়।
রাস্তায় আবর্জনা ফেললেই  ২০০ টাকা জরিমানা, নয়া বিধি মনে করিয়ে দিয়ে  পুরুলিয়া শহরের সাফাই অভিযানে পথে এসডিও


 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রাজ্যের নির্দেশে পরিছন্নতা বিধিতে কড়াকড়ি হওয়ার পর প্রায় প্রতিদিনই অভিযানে নামছে পুরুলিয়া পুরসভ পুরুলিয়া (সদর) মহকুমাশাসক  তথা পুরুলিয়া পুরসভার প্রশাসক সুদর্শন চৌধুরির তত্ত্বাবধানে শহর পুরুলিয়ায় বিশেষ অভিযান হয়। এই শহরের সিটি সেন্টার বলে পরিচিত দেশবন্ধু রোড এলাকায় এদিন অভিযান চলে পুরসভার। অভিযানে ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার পার্থ চক্রবর্তী, পুরসভার আধিকারিক সুমিত বক্সি প্রমুখ। একদিকে সাফাই কাজ। সেই সঙ্গে পরিচ্ছন্নতা বিধিতে যে নতুন নিয়ম হয়েছে তা অভিযানের মধ্য দিয়ে সাধারণ মানুষজনকে  জানানো। এছাড়া পরিচ্ছন্নতা বিধিতে সচেতনতার প্রচার, প্লাস্টিক বর্জন করার বার্তা। আবার এই বিশেষ অভিযানে স্বাস্থ্য বিধিও মনে করিয়ে দেওয়া। শনিবার সাতসকাল থেকে পুরুলিয়া পুরসভার স্পেশাল ড্রাইভের এটাই ছিল বৈশিষ্ট্য।

এদিনের পরিবেশ-পরিচ্ছন্নতায় ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রুখতে বিশেষ জোর দেওয়া হয়।  পুরুলিয়া পুরসভার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন পরিচ্ছন্নতা কর্মী, নির্মল সাথী, ভিসিটি  সদস্য এবং পুর প্রশাসনের কর্মীরা। ডেঙ্গু দমনে এই অভিযানের মূল দিকগুলি ছিলো শহরের বিভিন্ন এলাকার জমা জল পরিষ্কার করা। নর্দমা সহ নোংরা স্থান পরিষ্কার করার কাজ এদিন দ্রুততার সঙ্গে চলে। শহর পুরুলিয়ার  নাগরিকদের সচেতন করতে পথচলতি মানুষ ও ব্যবসায়ীদের কাছে বিশেষ প্রচার ব্যানার প্রদর্শন করা হয়। জল অপসারণের গুরুত্ব বোঝানোর পাশাপাশি প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের বার্তা দেয় পুরুলিয়া পুরসভা। রাস্তার পাশে  দোকানগুলোতে খাবার ঢেকে রাখা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে ব্যবসায়ীদের সরাসরি নির্দেশ দেওয়া হয়। পুর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরকে সম্পূর্ণরূপে পরিষ্কার- পরিচ্ছন্ন ও রোগ-জীবাণুমুক্ত রাখতে পুরুলিয়া পুরসভা সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং আগামী দিনেও নিয়মিতভাবে এই ধরনের কর্মসূচি চলবে।