নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তব্যের ১৩৪তম বর্ষপূর্তিকে কেন্দ্র করে ভক্তি, শ্রদ্ধা ও উদ্দীপনার মেজাজে মুখরিত হয়ে উঠল পুরুলিয়া। শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মীয় চেতনার মেলবন্ধনে দুদিনব্যাপী একাধিক তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয় পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ও সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে।
১০ সেপ্টেম্বর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ কৃষি মহাবিদ্যালয়ের কমলা মন্দিরে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হয়। বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজী মহারাজ বৈদিক মন্ত্রোচ্চারণ, পুষ্পার্ঘ্য অর্পণ, কর্পূর আরতি ও শঙ্খধ্বনির মাধ্যমে এই পবিত্র অনুষ্ঠানের সূচনা করেন। প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে ক্ষেত্রটি এক ভাবগম্ভীর আবহ তৈরি করে।
১১ সেপ্টেম্বর বিদ্যাপীঠ সভাগৃহে আয়োজিত হয় জেলাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। পুরুলিয়া জেলার বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ১৪৭৭ জন শিক্ষার্থী প্রাথমিক পর্বে অংশ নেন। পরবর্তীতে ৩০ আগস্ট ‘কল্যাণ সংস্থা’র মূল কার্যালয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে ২০৬ জন প্রতিযোগী স্ব-স্ব বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রশংসাপত্র ও স্মারক তুলে দেন স্বামী বলভদ্রানন্দজী মহারাজ। সভাগৃহে কৃতী শিক্ষার্থীরা তাঁদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং প্রায় ৫০০ জন অভিভাবকের জন্য আপ্যায়নের চমৎকার ব্যবস্থা রাখা হয়েছিল।
অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের বিশ্বজনীন বাণী ও সর্বধর্ম সমন্বয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন স্বামী বলভদ্রানন্দজী মহারাজ। এছাড়াও বক্তব্য রাখেন স্বামী শিবপ্রদানন্দ, শ্রী স্বপনকুমার বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক (ড.) সুবলচন্দ্র দে এবং অনির্বাণ চক্রবর্তী। বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সমবেত সংগীত ও বিবেকানন্দের বাণী পাঠ পুরো অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।
একই দিন সন্ধ্যায় সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ে ‘দিগ্বিজয় দিবস’ উপলক্ষে একটি স্মারক সভার আয়োজন করা হয়। সেখানে সহিষ্ণুতা, গ্রহণযোগ্যতা ও ভালোবাসার আদর্শ তুলে ধরে হৃদয়গ্রাহী বক্তব্য রাখেন স্বামী বলভদ্রানন্দজী মহারাজ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক (ড.) পবিত্রকুমার চক্রবর্তীসহ বহু অধ্যাপক ও শিক্ষার্থীরা এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন।