সাধারণ খবর শহর

পুজোর মুখে পুরুলিয়ায় ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট?

ব্যাঙ্ক কর্মীদের সাফ কথা, দীর্ঘদিন ধরে তাদের ন্যায়সংগত দাবি ঝুলে রয়েছে। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, এই পাঁচ দিনের ধর্মঘটে সমাধান না মিললে আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পুনরায় তিন দিনের দেশব্যাপী ধর্মঘট পালন করা হবে।
পুজোর মুখে পুরুলিয়ায় ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট?

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া;

সপ্তাহে দু’দিন পূর্ণাঙ্গ ছুটি, পেনশন সংস্কার এবং পিএলআই-সহ একগুচ্ছ বকেয়া দাবিপূরণে শুক্রবার থেকে দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে ব্যাংক কর্মীদের যৌথ সংগঠন 'ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস'। টানা পাঁচ দিনের এই ধর্মঘটের সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। শাখাগুলোতে ঝুলছে তালা, তার ওপর অধিকাংশ এটিএম-এ টাকা না থাকায় জরুরি প্রয়োজনে নগদ তুলতে গিয়ে দিশেহারা গ্রাহকরা। কোনো আগাম সতর্কবার্তা না থাকায় পুজোর মুখে ব্যাঙ্ক-র দরজায় এসে চরম হয়রানির শিকার হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা মানুষজন।

ব্যাঙ্ক কর্মীদের সাফ কথা, দীর্ঘদিন ধরে তাদের ন্যায়সংগত দাবি ঝুলে রয়েছে। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, এই পাঁচ দিনের ধর্মঘটে সমাধান না মিললে আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পুনরায় তিন দিনের দেশব্যাপী ধর্মঘট পালন করা হবে। তাতেও কাজ না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য স্তব্ধ করে দেওয়া হবে সমস্ত ব্যাঙ্ক পরিষেবা।

হুড়া শাখার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজার দেবশ্রী দে বলেন, "আমরা গ্রাহকদের হয়রান করতে চাই না, কিন্তু আমাদের বাধ্য হয়েই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রতি সপ্তাহে শনি ও রবিবার দু'দিন ছুটি, পেনশন আপডেশন এবং পিএলআই সংক্রান্ত আমাদের দীর্ঘদিনের দাবিগুলো কেন্দ্র ও ব্যাংক কর্তৃপক্ষ বারবার উপেক্ষা করছে। আন্দোলনের পথ ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না।"

গ্রাহক সুব্রত রায় বলেন,"ব্যাংক পাঁচ দিন ধরে বন্ধ থাকবে এ বিষয়ে আমাদের আগে থেকে কিচ্ছু জানানো হয়নি। চিকিৎসার জন্য জরুরি নগদ টাকা তুলতে এসে দেখছি ব্যাংকে তালা মারা, এমনকি পাশের দুটো এটিএম-ও শাটডাউন। জরুরি দরকারে এখন টাকা কোথায় পাব, বুঝতে পারছি না।"

অবস্থা যা, তাতে অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বড় সংকট ঘনিয়ে আসতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।