নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কলম নামিয়ে রেখেছেন পুরুলিয়া জেলা আদালতের কর্মীরা। আর এই পেন ডাউনের জেরে সোমবার কার্যত থমকে গেল আদালতের সমস্ত কাজ। আদালত চত্বরেই এক বিচারকের বিরুদ্ধে স্লোগান তুলে মিছিল করেন কর্মীরা। দূরদূরান্ত থেকে আদালতে এসে কাজ না হওয়ায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ।আইনজীবীদের সূত্রে জানা গিয়েছে, বিচারক ও আদালতের কর্মীদের মধ্যে বিবাদের জেরেই এই পেন ডাউন। অভিযোগ , গত শনিবার আদালতের এক বিচারক এক কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেন। তার প্রতিবাদেই সোমবার কর্মবিরতির সিদ্ধান্ত নেন আদালতের কর্মীরা। এর ফলে আদালতের বিভিন্ন আইনি প্রক্রিয়া কার্যত বন্ধ হয়ে যায়।
এ দিন আদালত চত্বরে মিছিল করে এক বিচারকের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় কর্মীদের। যদিও ঘটনার বিষয়ে আদালতের কর্মীরা প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। অন্য দিকে, আদালতের কাজকর্ম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন প্রয়োজনীয় আইনি কাজের জন্য দূরদূরান্ত থেকে আদালতে এসেও কাজ না হওয়ায় তাঁদের ফিরে যেতে হয়েছে। আইনজীবীদের একাংশেরও বক্তব্য, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়বে।
পুরুলিয়া জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র মাহাতো বলেন, "বিচারক এবং কর্মচারীদের অভ্যন্তরীণ ঝামেলার জেরেই আজ কর্মচারীরা কাজ বন্ধ রেখেছেন। এর ফলে জেলা আদালতের সমস্ত আইনি কাজকর্ম পুরোপুরি থমকে গেছে। বিচারব্যবস্থায় এই ধরনের অচলাবস্থা কোনোভাবেই কাম্য নয়"।
আদালতে আসা আশিস কুমার পাণ্ডে বলেন, "অনেক আশা আর সময় খরচ করে দূর থেকে আদালতে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখি কোনো কাজই হচ্ছে না, সব বন্ধ। ভেতরের গোলমালের খেসারত দিতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষকে। এভাবে কাজ থমকে থাকলে আমরা কোথায় যাব?"
কর্মী ও বিচারকের মধ্যে তৈরি হওয়া এই পরিস্থিতির সমাধান কবে হবে, সে দিকেই তাকিয়ে আইনজীবী, আদালতের কর্মী এবং সাধারণ মানুষ।