সাধারণ খবর ব্লক

কুড়িয়ে পাওয়া নগদ ৪০ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার নজির মানবাজার থানার সিভিক ভলান্টিয়ারের

পুলিশের এই মানবিক ও সৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় মানুষজন। পুরুলিয়া জেলা পুলিশ তথা পুলিশ সুপারের দক্ষ নেতৃত্বে সমগ্র পুরুলিয়া জেলা পুলিশ ও তার কর্মীদের সততা, আন্তরিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গিরই এক বাস্তব প্রতিফলন।
কুড়িয়ে পাওয়া নগদ ৪০ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার নজির মানবাজার থানার সিভিক ভলান্টিয়ারের

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

বর্তমান যুগে দাঁড়িয়ে যেখানে সততা প্রায় বিলুপ্ত। সেখানে এক অনন্য সততার ও মানবিকতার নজির গড়লেন পুরুলিয়া জেলার মানবাজার থানার এক সিভিক ভলান্টিয়ার। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া নগদ ৪০ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। এই ঘটনাটি ইতিবাচক সাড়া ফেলেছে গোটা এলাকা জুড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মানবাজার থানার সিভিক ভলান্টিয়ার প্রতাপ রায় ইঁদকুড়ি পেট্রোল পাম্প থেকে ফিরছিলেন। সেই সময় আচমকা রাস্তার ধারে নগদ ৪০ হাজার  ভর্তি একটি প্লাস্টিক ব্যাগ তাঁর নজরে আসে। টাকা ভর্তি ব্যাগটি উদ্ধার করার পরই তিনি এক মুহূর্তও সময় নষ্ট না করে বিষয়টি মানবাজার থানার অফিসার ইনচার্জকে জানান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে সততার সাথে ঘটনাস্থলেই অপেক্ষা করতে থাকেন।

এর কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ও বিপর্যস্ত অবস্থায় সেখানে এসে পৌঁছান এবং নিজের হারিয়ে যাওয়া টাকার ব্যাগটি খুঁজতে শুরু করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তির নাম বাণেশ্বর মান্ডি।  তিনি মানবাজার থানার ডলডেরিয়া গ্রামের বাসিন্দা। ওই টাকাটি তিনি গরু কেনার উদ্দেশ্যে সাথে নিয়ে আসছিলেন। কিন্তু অসাবধানতাবশত সেটি রাস্তাঘাটে কোথাও পড়ে যায়। এরপর সিভিক ভলান্টিয়ার প্রতাপ রায় ওই ব্যক্তিকে আশ্বস্ত করেন। এবং উদ্ধার হওয়া টাকার ব্যাগ সহ বাণেশ্বর মান্ডিকে সসম্মানে মানবাজার থানায় নিয়ে আসেন। থানায় যথাযথ আইনি প্রক্রিয়া এবং উপযুক্ত যাচাইকরণের পর, উদ্ধারকৃত সম্পূর্ণ  টাকা তার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া সম্বল ফিরে পেয়ে সিভিক ভলান্টিয়ার ও পুলিশ প্রশাসনকে দুহাত ভরে আশীর্বাদ ও ধন্যবাদ জানান বাণেশ্বর বাবু।