নিজস্ব প্রতিনিধি, মানবাজার :
সততা, নিষ্ঠা ও মানবিকতার স্বীকৃতিস্বরূপ মানবাজার থানার সিভিক ভলান্টিয়ার প্রতাপ রায়কে সংবর্ধিত করলেন মানবাজারের এসডিপিও শাশ্বতী শ্বেতা সামন্ত। প্রান্তিক কৃষক বানেশ্বর মান্ডির হারিয়ে যাওয়া ৪০ হাজার টাকা সততার সঙ্গে ফিরিয়ে দেওয়ার জন্যই তাঁকে এই সম্মান জানানো হয়।
গরু কেনার জন্য পুরুলিয়ার মানবাজার মহকুমা শহরে এসেছিলেন মানবাজার থানার দলদরিয়া গ্রামের প্রান্তিক কৃষক বানেশ্বর মান্ডি। শুক্রবার ইন্দকুড়ি পেট্রোল পাম্পের কাছে অসাবধানতাবশত তাঁর ৪০ হাজার টাকা রাখা একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে যায়। বিষয়টি টের না পেয়ে তিনি সেখান থেকে চলে যান।
ওই সময় ডিউটিতে থাকা সিভিক ভলান্টিয়ার প্রতাপ রায় ব্যাগটি কুড়িয়ে পান। খুলে দেখেন, ভিতরে রয়েছে ৪০ হাজার টাকা। দেরি না করে তিনি মানবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক তারাপদ মণ্ডলকে বিষয়টি জানান। এরই মধ্যে হারানো টাকার খোঁজে ঘটনাস্থলে ফিরে আসেন বানেশ্বর। তাঁকে আশ্বস্ত করে প্রতাপ রায় থানায় নিয়ে যান। প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর ওসির উপস্থিতিতে টাকাসহ ব্যাগটি ওই কৃষকের হাতে তুলে দেওয়া হয়।
হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত বানেশ্বর বলেন, “ওই টাকা না পেলে বড় সমস্যায় পড়তাম। গরু কেনার জন্য অনেক কষ্টে টাকা জমিয়েছিলাম। কখন ব্যাগটা পড়ে গিয়েছিল, বুঝতেই পারিনি। প্রতাপবাবুর এই উপকার কোনও দিন ভুলব না।”
ঘটনার ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বহু মানুষ সিভিক ভলান্টিয়ারের সততার প্রশংসা করেছেন।
পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ বলেন, “ওই সিভিক ভলান্টিয়ার সত্যিই খুব ভালো কাজ করেছেন। আমরা তাঁকে শংসাপত্র দিয়ে পুরস্কৃত করেছি। ভবিষ্যতেও যাতে এ ধরনের কাজ করতে উৎসাহ পান, সেই বার্তাই দিয়েছি।”