নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মানবাজার থানার সিভিক ভলান্টিয়ার অপু কোটাল। রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি মোবাইল ফোন নিজের কাছে না রেখে তা থানায় জমা দিয়ে সততার পরিচয় দিলেন তিনি।
জানা গেছে, শুক্রবার সকালে কাজে যাওয়ার পথে পেদ্দা গ্রামের কাছে রাস্তার ধারে একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখেন ওই সিভিক ভলান্টিয়ার। সামান্য সময়ের জন্যও দ্বিধা না করে তিনি ফোনটি তুলে সরাসরি মানবাজার থানায় জমা দেন। পরে থানার উদ্যোগে প্রকৃত মালিকের সন্ধান শুরু হয়েছে।
বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত তথ্য, গুরুত্বপূর্ণ নথি এবং স্মৃতির ভাণ্ডার। ফলে এমন ডিভাইস হারিয়ে গেলে তা ফিরে পাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে।
শুধু এই ঘটনাই নয়, এর আগেও মানবিকতার পরিচয় দিয়ে তিনি একটি সাপের কামড়ে আহত মহিলার প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফলে সমাজে তাঁর এই ধারাবাহিক উদ্যোগ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।