নিজস্ব প্রতিনিধি, কেন্দা:
পবিত্র মন্দিরের পেছনেই মিলল ঝুলন্ত মৃতদেহ! স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্থানীয় কল্যাণেশ্বরী মন্দিরের কিছুটা দূরে একটি অর্জুন গাছের ডালে এক ব্যক্তির দেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়।
গাছের ডালে দেহটি ঝুলতে দেখেই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি কেন্দা থানায় খবর দেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দা থানার পুলিশ। তারা দেহটি গাছ থেকে নামিয়ে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দা থানার পুলিশ।