সংস্কৃতি শহর

ভারত কেশরী শ্যামাপ্রসাদ স্মরণে পুরুলিয়ায় মূর্তি স্থাপন ভারত সেবাশ্রমের

পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে পুরুলিয়া শহরে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। মূর্তি উন্মোচনের পর আশ্রমের পক্ষ থেকে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে পায়েস বিতরণ করা হয়।
ভারত কেশরী শ্যামাপ্রসাদ স্মরণে পুরুলিয়ায় মূর্তি স্থাপন ভারত সেবাশ্রমের

 


সুইটি চন্দ্র, পুরুলিয়া:

অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সারা রাজ্যের সঙ্গে 
পুরুলিয়া জেলা জুড়েও পালিত হলো ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী । এদিন পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে পুরুলিয়া শহরে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। মূর্তি উন্মোচনের পর আশ্রমের পক্ষ থেকে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে পায়েস বিতরণ করা হয়। একই সঙ্গে ভারত সেবাশ্রম সংঘে আয়োজিত হয় নানান বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিনের এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি নিত্যশুদ্ধানন্দজি মহারাজ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলাশাসক, জেলা মুখ্য বনাধিকারিক, সমাজসেবী গৌতম রায়, বিবেক রাঙ্গা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আশ্রমের এই অনুষ্ঠানে একাধারে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মূর্তি উন্মোচন অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে হিন্দু জাগরণের বার্তা দেওয়া হয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান রাজ্যবাসী সঠিকভাবে জানতে পারছে এবং তাঁকে যথাযোগ্য সম্মান জানানো হচ্ছে—এই বিষয়টিকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ প্রকাশ করেছেন ভারত সেবাশ্রম সংঘ কর্তৃপক্ষ।

ভারত সেবাশ্রম সংঘের সহ- সম্পাদক‌ স্বামীজি নিত্যশুদ্ধানন্দজি মহারাজ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও সমাজ গঠনে তাঁর চিন্তাধারার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন এবং তাঁর মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ ও হিন্দু জাগরণের প্রতি এক ইতিবাচক বার্তা দেন।

সমাজসেবী গৌতম রায় ভারত সেবাশ্রম সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে সমাজে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
সমাজসেবী বিবেক রাঙ্গা বলেন,
"সমগ্র বঙ্গ সমাজ এবং রাষ্ট্র সমাজের প্রতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান রয়েছে, তা বিগত বামফ্রন্ট এবং তৃণমূল সরকারের আমলে অবমূল্যায়ন করা হয়েছে। সত্যটা মানুষকে জানতে দেওয়া হয়নি। আজ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনবদ্য ভূমিকার কারণেই পশ্চিমবঙ্গবাসী স্বাধীন ভারতের অংশ হিসেবে বসবাস করতে পারছে। তা না হলে বাংলা আগে পাকিস্তানে এবং বর্তমানে বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়ে যেত।"

তিনি আরও যোগ করেন যে, বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর তাঁরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও চিন্তাধারাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে। আজ থেকে শুরু হওয়া এই বর্ষব্যাপী কর্মসূচির মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ তাঁর প্রকৃত অবদান সম্পর্কে জানতে পারবে। এই লক্ষ্যকে সামনে রেখেই আজ জেলার বিভিন্ন জায়গায় সামাজিক কাজকর্ম ও অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হচ্ছে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন ও মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে গোটা পুরুলিয়া শহর জুড়ে আজ এক উৎসবমুখর ও শ্রদ্ধাজ্ঞাপন পরিবেশের সৃষ্টি হয়।