নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
আবার ভাইরাল বেগুনকোদর। বাড়ির সীমানা নিয়ে বিবাদ। আর তাকে কেন্দ্র করে কোটশিলা থানার বেগুনকোদর গ্রামে দুই প্রতিবেশী পরিবারের নারীদের মধ্যে প্রকাশ্য রাস্তায় যে তাণ্ডব চলল, তা সভ্য সমাজকে আরও একবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এক মহিলাকে চুলের মুঠি ধরে টেনে রাস্তায় ফেলে মারধরের সেই নৃশংস ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
স্থানীয় সূত্রে খবর, বেগুনকোদর গ্রামের ববিতা সোলাঙ্কির সঙ্গে তাঁর প্রতিবেশীদের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। রবিবার সেই বিতর্কিত জমিতেই নির্মাণ কাজ শুরু করাকে কেন্দ্র করে ক্ষোভের বারুদে অগ্নিসংযোগ ঘটে। ববিতা দেবী কাজ বন্ধ করার দাবি জানালে, প্রতিবাদের ভাষা নিমেষেই হিংস্রতায় রূপ নেয়। অভিযোগ, অপর পক্ষের বেশ কয়েকজন মহিলা দলবদ্ধভাবে এসে ববিতা সোলাঙ্কির ওপর চড়াও হন।
ঘটনার পর আক্রান্ত ববিতা সোলাঙ্কি কোটশিলা থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনার বেশ কিছু সময় পার হয়ে গেলেও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি।