সাধারণ খবর

বানভাসি পুরুলিয়া, বিপজ্জনক রাস্তা-কালভার্টে ব্যারিকেড, দুর্যোগে বন্ধু পুলিশ

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্যোগের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে মানুষের পাশে থাকতে ২৪ ঘণ্টাই প্রস্তুত রয়েছেন পুলিশকর্মীরা।
বানভাসি পুরুলিয়া, বিপজ্জনক রাস্তা-কালভার্টে ব্যারিকেড, দুর্যোগে বন্ধু পুলিশ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে জেলার একাধিক এলাকা জলমগ্ন। কোথাও জল ঢুকেছে বসতবাড়িতে, কোথাও আবার ভেঙেছে কালভার্ট, বিপজ্জনক হয়ে উঠেছে রাস্তাঘাট। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে তৎপর পুরুলিয়া জেলা পুলিশ। মঙ্গলবার জেলার বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন পুলিশ কর্তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্লাবিত এলাকাগুলিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন থানার ওসি এবং আইসিরা। জলমগ্ন এলাকার পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি বাসিন্দাদের সমস্যার কথাও শুনছেন তাঁরা। বৃষ্টিতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পরিবারের হাতে পুলিশের তরফে তুলে দেওয়া হচ্ছে ত্রিপল।

জল জমে থাকা বিভিন্ন বিপজ্জনক এলাকায় দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। ভেঙে যাওয়া কালভার্ট কিংবা জলমগ্ন রাস্তা দিয়ে যাতে পথচারী বা যানবাহন চলাচল করতে না পারে, সে দিকেও নজর রাখা হচ্ছে। ঝুঁকিপূর্ণ জায়গাগুলিতে গার্ডরেল ও ব্যারিকেড বসিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করছে পুলিশ।

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্যোগের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে মানুষের পাশে থাকতে ২৪ ঘণ্টাই প্রস্তুত রয়েছেন পুলিশকর্মীরা।