ক্রাইম ব্লক

প্রেমের সম্পর্কের সুযোগে কিশোরীর ভিডিও রেকর্ড, পুলিশের জালে যুবক

প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে নাবালিকার আপত্তিকর ভিডিও রেকর্ড করা এবং পরবর্তীতে দূরত্ব তৈরি হওয়ায় তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ।
প্রেমের সম্পর্কের সুযোগে কিশোরীর ভিডিও রেকর্ড, পুলিশের জালে যুবক

 

নিজস্ব প্রতিনিধি  রঘুনাথপুর:


প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে নাবালিকার আপত্তিকর ভিডিও রেকর্ড করা এবং পরবর্তীতে দূরত্ব তৈরি হওয়ায় তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বলদেব মাহাতো, বাড়ি রঘুনাথপুর থানার সাগড়কা গ্রামে। মঙ্গলবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তবে ঘটনার মূল অপরাধে ব্যবহৃত মোবাইল ফোনটি পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই ফোনের খোঁজ চালানো হচ্ছে।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ১৭ বছর বয়সী ওই কিশোরীর সঙ্গে বিগত কয়েক মাস ধরে ফোনে নিয়মিত কথা হতো বলদেবের। সেখান থেকেই তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সেই সুযোগ নিয়েই বেশ কয়েকবার ভিডিও কলের আড়ালে কিশোরীর অজান্তেই কিছু আপত্তিকর ছবি ও ভিডিও স্ক্রিন রেকর্ড করে রাখে ওই যুবক। সম্প্রতি তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হতেই বলদেব সেই গোপন ছবি ও ভিডিওগুলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বলে অভিযোগ।

সোমবার নাবালিকার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি মাঠে নামে রঘুনাথপুর থানার পুলিশ। সোমবার রাতেই সাগড়কা গ্রাম থেকে বলদেবকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে শুধু ভারতীয় ন্যায় সংহিতা  নয়, পকসো  তথ্য প্রযুক্তি  আইনের মতো একাধিক গুরুতর ধারায় সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।