নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
গভীর রাতে রাজ্য সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করলো বাঘমুন্ডি থানার পুলিশ। বুধবার রাতে ঝালদা-বলরামপুর সড়কে এই অভিযানে একটি কালো রঙের স্করপিও গাড়ি আটক করা হয়। উদ্ধার হয়েছে ৪৫৯ কেজি পোস্ত খোসার গুঁড়ো। এই পোস্ত খোসা হলো মাদক দ্রব্য আফিম তৈরির প্রধান উপকরণ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর ওই এলাকায় নাকা চেকিং চলাকালীন ঝালদার দিক থেকে আসা একটি কালো স্করপিও গাড়িকে আটক করা হয়। তাতে তল্লাশি চালিয়ে ১৫টি নাইলনের বস্তায় ভরা বিপুল পরিমাণের ওই পোস্ত ছালের গুঁড়ো উদ্ধার করা হয়। ঝালদার এসডিপিও এবং বাঘমুন্ডি থানার আইসি-র প্রত্যক্ষ উপস্থিতিতে সমস্ত তল্লাশি ও বাজেয়াপ্তকরণের কাজ সম্পন্ন করা হয়। ছিলেন বাঘমুন্ডির বিডিও। সমগ্র প্রক্রিয়াটির ভিডিওগ্রাফিও করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্করপিও গাড়িতে থাকা দুই আরোহীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলো বীরভূম জেলার সনমনি গ্রামের বাসিন্দা হাসান আলী ওরফে লালন ও শেখ কুরবান। এই আন্তঃজেলা মাদক পাচার চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে বাঘমুন্ডি থানায় এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া মাদকের উৎস এবং এটি কোথায় পাচার করা হচ্ছিল, তা জানতে পুলিশি তদন্ত জারি রয়েছে।