নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
ট্রাক্টর উল্টে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনায় জখম চালক সহ আরও একজন শ্রমিক । ঘটনাটি ঘটেছে ঝালদা থানার ডাকাই ও ওলগাড়া গ্রামের মাঝে। পুলিশ জানায়, মৃতের নাম আকলু মুড়া (৪০)। বাড়ি ঝালদা থানার মসিনা গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , শনিবার সকালে অযোধ্যা পাহাড়তলির ঝালদা থানার পাড়রি গ্রামে গিটি নামিয়ে ট্রাক্টরটি ঝালদা ফিরছিল। এদিন দুপুরে ডাকাই এবং ওলগাড়া গ্রামের মাঝে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । গুরুতর জখম হন ট্রাক্টরের চালক সহ দুই শ্রমিক। দ্রুত তাঁদের উদ্ধার করে ঝালদা ১ নং ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে ঝালদা থানার পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে ট্রাক্টরটিকে।