সাধারণ খবর শহর

পুরুলিয়ায় বিনিয়োগ হচ্ছে ১লক্ষ কোটি, প্রশাসনিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল সভাধিপতিকেও। তিনি আসেননি। দলীয় ভেদাভেদ দূরে সরিয়ে বিরোধী রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের সঙ্গে সাংসদ ও বিধায়কদের সমন্বয় রেখে সমস্ত উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুরুলিয়ায় বিনিয়োগ হচ্ছে ১লক্ষ কোটি, প্রশাসনিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

 


সুইটি চন্দ্র, পুরুলিয়া:


পুরুলিয়া সার্কিট হাউসে রবিবার আয়োজিত একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে জেলার সার্বিক উন্নয়ন, একাধিক পরিকাঠামোগত পরিকল্পনা এবং সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হলো। উক্ত প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, অরণ্য সুরক্ষা, পর্যটন এবং শিল্পায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

বৈঠক শেষে  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন , "আগামী  এক বছরের মধ্যে পুরুলিয়া জেলায় নূন্যতম ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। রঘুনাথপুরে ইতিমধ্যে প্রায় ৫,০০০ কোটি টাকার 'অমিত মেটালিকস'-এর সূচনা করা হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা , ইস্পাত, সিমেন্ট এবং নতুন সৌরবিদ্যুৎ প্রকল্পের  জন্য বড় পরিমাপের জমির ব্যবহার ও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে"।
তিনি আরও বলেন, পুরুলিয়ার যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে এক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ২৮ তারিখে উড়ান  প্রকল্পের আওতায় জেলায় বিমানবন্দর গড়ে তোলার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। পরিবহন সচিব ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিনিধিদের উপস্থিতিতে লাইসেন্সের প্রাথমিক আবেদন সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

জেলার পর্যটন ও বনাঞ্চল উন্নয়নেও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফরেস্ট ও রিলিজিয়াস পর্যটনকে উৎসাহিত করতে বনদপ্তরের গেস্ট হাউসগুলির আধুনিকীকরণ করা হবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অরণ্য ও পাহাড়ি অঞ্চলের স্বাভাবিক পরিবেশ কোনোভাবেই বিঘ্নিত হতে দেওয়া হবে না।

পুরুলিয়ার মিনি জু-টিকে আরও বড় করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চিতা বাঘ  ছাড়া অন্যান্য প্রাণী আনার পাশাপাশি একটি কোটশিলা ঝালদা বনাঞ্চলে নতুন অভয়ারণ্যের প্রস্তাব প্রায় চূড়ান্ত অনুমোদনের পথে।

সামাজিক কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি তুলে ধরে জানানো হয়, "জেলায় ৬ লক্ষ ৫৬ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে 'অন্নপূর্ণা' প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়েছে। আবাসন প্রকল্পের আওতায় প্রায় ২ লক্ষ নতুন বাড়ি তৈরির তালিকা পাঠানো হয়েছে, যার মধ্যে ১৬ হাজার উপভোক্তাকে ইতিমধ্যে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। স্বাস্থ্য, আইসিডিএস, আশা কর্মীদের সহায়তা, 'ঘরে ঘরে পানীয় জল এবং বার্ধক্য ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার বিষয়ে পদক্ষেপের কথা উল্লেখ করা হয়।

রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জানানো হয়, পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মাধ্যমে জেলার প্রাথমিক থেকে শুরু করে কলেজ স্তর পর্যন্ত শিক্ষা পরিকাঠামো উন্নত করা হবে। তিনি বলেন, মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল সভাধিপতিকেও। তিনি আসেননি। দলীয় ভেদাভেদ দূরে সরিয়ে বিরোধী রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের সঙ্গে সাংসদ ও বিধায়কদের সমন্বয় রেখে সমস্ত উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।