নিজস্ব প্রতিনিধি, বোরো:
এক যুবকের মৃতদেহ উদ্ধার করল বোরো থানার পুলিশ। সোমবার বোরো থানার কুমারী মোড় এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় । পুলিশ জানায় , মৃতের নাম চিত্ত মুর্মু (৩৫)। তার বাড়ি বোরো থানার কিষ্টপুর গ্রামে।
এদিন দুপুরে মানবাজার - বান্দোয়ান রাস্তার ধারে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন । খবর দেওয়া হয় বোরো থানায়।খবর পেয়ে বোরো থানার পুলিশ তাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অনুমান তীব্র গরমে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় বোরো থানার পুলিশ।