রাজনীতি শহর

বুলডোজার বিধ্বস্ত হকাররা পাবে পুনর্বাসন? আশা জাগালো এসইউসিআই

এসইউসিআই নেতা রঙ্গলাল কুমার বলেন, “শহরকে সুন্দর বা যানজটমুক্ত করার নামে গরিব মানুষের পেটে লাথি মারা চলতে পারে না। বহু হকার বছরের পর বছর ধরে ছোট ব্যবসা করে পরিবার চালাচ্ছেন। পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা ছাড়া উচ্ছেদ সম্পূর্ণ অমানবিক। প্রশাসনের উচিত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি দেখা।”
বুলডোজার বিধ্বস্ত হকাররা পাবে পুনর্বাসন? আশা জাগালো এসইউসিআই

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

একদিকে শহরের যানজট নিয়ন্ত্রণ , অন্যদিকে হঠাৎ করে কাজ হারানো শত শত হকার পরিবারের রুটি-রুজির প্রশ্ন। নতুন সরকার ক্ষমতায় আসার পর  পুরুলিয়া শহর জুড়ে শুরু হয়েছে ব্যাপক হারে হকার উচ্ছেদ অভিযান।  আর এই উচ্ছেদের বিরুদ্ধেই এবার হকারদের পাশে দাঁড়িয়ে বিকল্প পুনর্বাসনের দাবিতে শুক্রবার পুরুলিয়া পুর প্রশাসকের  কাছে স্মারকলিপি জমা দিল এসইউসিআই।

মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুরসভা ভবনে পৌঁছায়। সেখানে প্রশাসকের দায়িত্বে থাকা এসডিওর হাতে স্মারকলিপি তুলে দেন দলের জেলা নেতৃত্ব। ডেপুটেশনে মূলত দুটি দাবি তুলে ধরা হয়।  উচ্ছেদ হওয়া হকারদের অবিলম্বে পুনর্বাসন এবং বিকল্প ব্যবস্থা না করে ভবিষ্যতে আর কোনও উচ্ছেদ অভিযান না চালানো।

এসইউসিআই নেতা রঙ্গলাল কুমার বলেন, “শহরকে সুন্দর বা যানজটমুক্ত করার নামে গরিব মানুষের পেটে লাথি মারা চলতে পারে না। বহু হকার বছরের পর বছর ধরে ছোট ব্যবসা করে পরিবার চালাচ্ছেন। পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা ছাড়া উচ্ছেদ সম্পূর্ণ অমানবিক। প্রশাসনের উচিত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি দেখা।”

তিনি আরও অভিযোগ করেন, নতুন সরকারের শপথ গ্রহণের কিছুদিনের মধ্যেই এই ধরনের উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর দাবি, ক্ষতিগ্রস্ত হকারদের ক্ষতিপূরণ ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে  শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে উচ্ছেদ হওয়া প্রত্যেক হকারের পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও আন্দোলনকারীদের আশ্বাস দেন এসডিও, বলে এসইউসিআই সূত্রে জানা গেছে। প্রশাসনের আশ্বাস মিললেও ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তায় দিন কাটছে হকার পরিবারগুলির।