ক্রাইম ব্লক

আবার খুলছে কি মণিকা মাহাতো হ*ত্যাকাণ্ডের ফাইল? বান্দোয়ানে বিজেপির প্রতিনিধি দল

ছ’বছর পর মঙ্গলবার ফের মণিকার বাড়িতে বিজেপির জেলা নেতৃত্বের উপস্থিতি সেই পুরনো দাবিকে নতুন করে সামনে এনে দিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন জেলা সভাপতি শংকর মাহাতো।
আবার খুলছে কি মণিকা মাহাতো হ*ত্যাকাণ্ডের ফাইল? বান্দোয়ানে বিজেপির প্রতিনিধি দল

 

 


নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

ছ’বছর আগে মণিকা মাহাতো হত্যাকাণ্ড ঘিরে উত্তাল হয়েছিল বান্দোয়ান। প্রতিবাদ মিছিল, মৌন মিছিল, সিবিআই তদন্তের দাবি— একাধিক কর্মসূচিতে সরব হয়েছিল বিজেপি-সহ বিভিন্ন সংগঠন। সেই পুরনো ঘটনার স্মৃতি ফের উস্কে দিল মঙ্গলবারের একটি ঘটনা। বিজেপি জেলা নেতৃত্ব গেলেন প্রয়াত মণিকা মাহাতোর বাড়ি। পরিবারের সঙ্গে কথা বলে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শংকর মাহাতো। সঙ্গে ছিলেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো, বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো সহ একাধিক নেতা-কর্মী। ছ’বছর পর ফের এই হত্যাকাণ্ড নিয়ে আইনি পদক্ষেপের কথা সামনে আসায় প্রশ্ন, মনিকা হত্যাকাণ্ডের ফাইল কি নতুন করে খোলার উদ্যোগ নিচ্ছে বিজেপি?

২০১৯ সালে বান্দোয়ানের স্কুলছাত্রী মণিকা মাহাতোকে অপহরণ, ধর্ষণ ও খুনের ঘটনায় শোরগোল পড়েছিল জেলায়। ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। মনিকার ছবি হাতে বিচারের দাবিতে মিছিল করেছিলেন তাঁর বাবা-মাও। প্রতিবাদে শামিল হয়েছিল কুড়মি সমাজও। ছাত্র-যুব সংগঠনগুলির পাশাপাশি বিভিন্ন মহল থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার প্রকৃত তদন্তের দাবি ওঠে।
সেই সময় মণিকা হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতেও সরব হয়েছিল বিজেপি।  দলের নেতাদের বক্তব্য ছিল, কী ভাবে হত্যাকাণ্ড ঘটল, তার প্রকৃত তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবিও তুলেছিল দল। এমনকি ঘটনার তদন্ত নিয়ে তদানীন্তন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল বিজেপি।
ছ’বছর পর মঙ্গলবার ফের মণিকার বাড়িতে বিজেপির জেলা নেতৃত্বের উপস্থিতি সেই পুরনো দাবিকে নতুন করে সামনে এনে দিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন জেলা সভাপতি শংকর মাহাতো। ২০১৯ সালের ঘটনার পরিপ্রেক্ষিতে ন্যায়বিচার নিশ্চিত করতে পরবর্তী আইনি পদক্ষেপ এবং করণীয় বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।