নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করে নজর কাড়ল মানবাজারের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের দুই খুদে পড়ুয়া। ৩৪০ নম্বর পেয়ে যুগ্মভাবে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে অভিরূপ চক্রবর্তী ও সৃজা মন্ডল।
গ্রামীণ এলাকা থেকে উঠে আসা এই দুই মেধাবী শিক্ষার্থীর সাফল্যে খুশির হাওয়া গোটা জেলা জুড়ে।
সম্প্রতি আয়োজক সংস্থার পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই দুই কৃতি পড়ুয়াকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত ও সংবর্ধিত করা হয়। তাদের এই সাফল্যে গর্বিত স্কুল কর্তৃপক্ষও। ওই বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, "এই সাফল্য শুধু ওই দুই পড়ুয়ার নয়। বরং আমাদের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের যৌথ প্রচেষ্টার ফল।" স্কুলের পক্ষ থেকে অভিরূপ ও সৃজাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।