নিজস্ব প্রতিনিধি, আদ্রা:
দীর্ঘ তিন বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানো দুই অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করল আদ্রা থানার পুলিশ। ধৃতদের নাম মনোজ ঠাকুর এবং আব্দুল রশিদ ওরফে বুবলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা দু'জনেই আদ্রার কমলাস্থান এলাকার বাসিন্দা । বুধবার তাদের রঘুনাথপুর আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত ২০২১ সালে। কমলাস্থান এলাকারই এক ব্যক্তির বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর ও ভয় দেখানোর অভিযোগ ওঠে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, বাড়িটিতে তাণ্ডব চালিয়ে মোটা অঙ্কের টাকা তোলার দাবিও করা হয় বলে অভিযোগ। সেই সময়ে ওই ঘটনায় একটি ভিডিও ফুটেজও সামনে এসেছিল।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে ঘন ঘন আস্তানা পরিবর্তন করে পুলিশের নজর এড়ানোর চেষ্টা করছিল। সম্প্রতি এই বিষয়ে আদ্রা থানায় একটি লিখিত এফআইআর দায়ের করা হলে পুলিশ ঘটনার তদন্তে নামে। পূর্বের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এবং তদন্তে সত্যতা মেলার পর মঙ্গলবার রাতে কমলাস্থান এলাকা থেকেই এই দুজনকে গ্রেফতার করে পুলিশ।