সাধারণ খবর

আর লেট হবে না ট্রেন? ২০০ কোটি বরাদ্দে ভোল পাল্টাচ্ছে আদ্রা ডিভিশন

যাত্রী অসন্তোষের সেই আগুনে জল ঢালতে এবং বড়সড় অঙ্কের অর্থ বরাদ্দ করল রেল মন্ত্রক। আদ্রা ডিভিশনের ভোলবদল ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণের জন্য ২০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
আর লেট হবে না ট্রেন? ২০০ কোটি বরাদ্দে ভোল পাল্টাচ্ছে আদ্রা ডিভিশন

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া,


প্রতিদিন স্টেশনে এসে ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা চাতক পাখির মতো অপেক্ষা করা, হুটহাট ট্রেন বাতিল হওয়া কিংবা আচমকা রুট ঘুরিয়ে দেওয়া পুরুলিয়াবাসীর কাছে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পরিষেবা মানেই এখন এক রাশ চরম দুর্ভোগ। ক্ষোভে ফুঁসছেন নিত্যযাত্রীরা। অবশেষে যাত্রী অসন্তোষের সেই আগুনে জল ঢালতে এবং  বড়সড় অঙ্কের অর্থ বরাদ্দ করল রেল মন্ত্রক। আদ্রা ডিভিশনের ভোলবদল ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণের জন্য ২০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।

আদ্রা বিভাগে প্রতিদিন গড়ে ১০০টিরও বেশি ট্রেন যাতায়াত করে। কিন্তু গত কয়েক মাসে রেলের সিডিউল কার্যত ভেঙে পড়েছে। প্রায় কোনো ট্রেনই সঠিক সময়ে চলছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে  বরাদ্দ হওয়া ২০০ কোটি টাকা মূলত খরচ করা হবে পরিকাঠামো উন্নয়নে। আদ্রা ডিভিশনের প্রায় ৫৪৫ কিলোমিটার রেলপথের পুরনো যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ আধুনিক করা হবে। ট্রেন যাতে গতি পায় এবং সিগন্যালিং ব্যবস্থা উন্নত হয়, তার জন্য রেল লাইনের বদলে ফেলা হবে।
পুরুলিয়া জেলার প্রত্যন্ত এলাকার স্টেশনগুলির সাথে মূল কন্ট্রোল রুমের যোগাযোগ আরও মসৃণ করা হবে, যাতে সিগন্যালের অভাবে ট্রেন দাঁড়িয়ে না থাকে।


রেলযাত্রী নয়ন গড়াই বলেন, "টাকা তো অনেক বরাদ্দ হয়, কিন্তু আমরা সময়ে ট্রেন চাই। প্রতিদিন ট্রেনের গোলমালে আমাদের রুজি-রুটিতে টান পড়ছে। এই ২০০ কোটি টাকার কাজ যেন শুধু কাগজে-কলমে না থেকে বাস্তবে দ্রুত শেষ হয়।"

আরেক রেলযাত্রী ধ্রুব কুমার বলেন,
"ট্রেন কখন বাতিল হবে বা কোন দিকে ঘুরিয়ে দেবে, কেউ জানে না। স্টেশনে এসে আমাদের অসুবিধার মুখে পড়তে হয় । রেলের এই টাকা খরচের পর যদি ট্রেনগুলো অন্তত সঠিক সময়ে চলে, তবেই আমাদের সুদিন ফিরবে।"

এখন দেখার, রেল মন্ত্রকের এই বিপুল টাকা খরচের পর আদ্রা ডিভিশনের ট্রেনগুলো আদৌও ঘড়ির কাঁটা মেনে চলে, নাকি যাত্রীদের এই দুর্ভোগের চাকা ঘুরতেই থাকে।