নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পেতেই হবে রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার সুবিধা। ফলে মাথার ওপর গ্রীষ্মের গনগনে আঁচ বাধা হয়ে দাঁড়াতে পারছে না পুরুলিয়ার মহিলাদের সামনে। নিজেদের আর্থিক সুরক্ষার অধিকার নিশ্চিত করতে পুরুলিয়া জেলা পোস্ট অফিসে উপচে পড়ছে মহিলাদের ভিড়। উদ্দেশ্য একটাই, ব্যাংকের সঙ্গে আধার নম্বর যুক্ত করা বা 'ডিবিটি লিংক' সম্পন্ন করা। সরকারি নিয়মের বেড়াজালে যাতে নিজেদের প্রাপ্য অধিকার হাতছাড়া না হয়, তার জন্য সকাল থেকেই ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন জেলার শত শত মহিলা।
প্রকল্পের নিয়ম অনুযায়ী, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য এই ডিবিটি লিংক থাকা বাধ্যতামূলক। আর এই প্রযুক্তিগত প্রক্রিয়ার কারণেই এখন গ্রামীণ ও শহরের মহিলাদের প্রধান গন্তব্য হয়ে উঠেছে পোস্ট অফিস। প্রচণ্ড গরমে লাইনে দাঁড়িয়ে থাকা মহিলাদের চোখে-মুখে ক্লান্তির ছাপ থাকলেও, নিজেদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের তাগিদে তাদের মনোবল অটুট।
এই বিষয়ে লাইনে দাঁড়িয়ে থাকা আবেদনকারী সোমা দাস বলেন, "রোদ-গরম যাই হোক, আমাদের মতো সাধারণ পরিবারের মহিলাদের জন্য এই সরকারি সাহায্যটুকু খুবই জরুরি। সংসারে একটু বাড়তি সাহায্য হবে, এই আশায় সকাল সকাল এসে লাইনে দাঁড়িয়েছি। অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধাটা পেলে আমাদের অনেক উপকার হবে।"