নিজস্ব প্রতিনিধি,কোটশিলা
বাড়ির লোকেদের বকাঝকার জেরে অভিমান করে স্কুল থেকে আর বাড়ি ফেরেনি বছর চোদ্দোর এক কিশোরী। তবে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে সুরক্ষিতভাবে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল কোটশিলা থানার পুলিশ। কোনো লিখিত অভিযোগ দায়ের হওয়ার অপেক্ষা না করেই, খবর পাওয়া মাত্রই পুলিশের এই মানবিক ও দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোটশিলা থানার অন্তর্গত গোয়ালাডি এলাকার বাসিন্দা, সপ্তম শ্রেণীর ওই ছাত্রীটি বুধবারও প্রতিদিনের মতোই স্কুলে গিয়েছিল। কিন্তু স্কুল ছুটি হওয়ার পরও সে বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যায় পরিবার। চতুর্দিকে খোঁজখবরের পর, অবশেষে সন্ধ্যা নাগাদ ওই কিশোরীর বাবা কোটশিলা থানায় এসে বিষয়টি জানান।
তৎক্ষণাৎ ৩টি বিশেষ টিম গঠন করে তল্লাশি শুরু করা হয়। পুলিশের এই প্রচেষ্টায় মাত্র দেড় থেকে দুই ঘণ্টার মধ্যেই ওই নাবালিকাকে বেগুনকোদর সংলগ্ন এলাকা থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়।
মেয়েকে ফিরে পেয়ে পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার পরিবার। যেহেতু পুরো বিষয়টি পারিবারিক অভিমান ও ভুল বোঝাবুঝির কারণে ঘটেছিল, তাই পরিবারের অনুরোধে কোনো অপহরণ বা নিখোঁজের মামলা রুজু না করেই নাবালিকাকে আইনি প্রক্রিয়া শেষে তার মা-বাবার হাতে তুলে দেওয়া হয়।