ক্রাইম ব্লক

রাতের অন্ধকারে বালি চুরি, পুলিশের অভিযানে বলরামপুরে ধৃত ১

নদীগর্ভ থেকে বেআইনিভাবে বালি চুরির কারবারে বড়সড় ধাক্কা দিল প্রশাসন। রবিবার ভোরে বলরামপুর থানার পুলিশের একটি বিশেষ দল অতর্কিতে হানা দিয়ে হাতেনাতে পাকড়াও করল এক বালি পাচারকারীকে। বাজেয়াপ্ত করা হয়েছে বালি বোঝাই একটি ট্রাক্টর এবং পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
রাতের অন্ধকারে বালি চুরি, পুলিশের অভিযানে বলরামপুরে ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

নদীগর্ভ থেকে বেআইনিভাবে বালি চুরির কারবারে বড়সড় ধাক্কা দিল প্রশাসন। রবিবার ভোরে বলরামপুর থানার পুলিশের একটি বিশেষ দল অতর্কিতে হানা দিয়ে হাতেনাতে পাকড়াও করল এক বালি পাচারকারীকে। বাজেয়াপ্ত করা হয়েছে বালি বোঝাই একটি ট্রাক্টর এবং পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বলরামপুরের গেঁড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিতাহর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদী থেকে রাতের অন্ধকারে বালি চুরির চক্র সক্রিয় হয়ে উঠেছিল। রবিবার ভোরে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে, চিতাহর নদী এলাকায় বালি পাচার প্রক্রিয়া চলছে। খবর পাওয়া মাত্রই বলরামপুর থানার পুলিশ ফোর্স কোনো সময় নষ্ট না করে এলাকায় হানা দেয়।

ঘটনাস্থলে পৌঁছাতেই পুলিশের জালে ধরা পড়ে একটি নম্বর প্লেটহীন, নীল রঙের ‘সোনালিকা’ ট্রাক্টর। ট্রলি সমেত ওই ট্রাক্টরটিতে তল্লাশি চালিয়ে দেখা যায়, কোনো রকম বৈধ সরকারি নথিপত্র বা রয়্যালটি ছাড়াই আনুমানিক ১০০ কিউবিক ফিট  বালি পাচার করা হচ্ছিল। অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাক্টরের পাশাপাশি পাচারকারীদের একটি মোটরসাইকেলও পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।
পলায়ন করার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় শেষরক্ষা হয়নি। ট্রাক্টর চালক নিজেই এই বেআইনি কারবারের মূল পান্ডা বলে জানা গেছে। তাকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে বলরামপুর থানায় বালি চুরি ও সরকারি সম্পত্তি নষ্টের সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।