নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :
প্রাথমিক শিক্ষকের মেয়ে। আর্থিক জৌলুস নয়, সঙ্গী ছিল নিয়মিত পড়াশোনা আর পরিবারের উৎসাহ। সেই পথ ধরেই মাধ্যমিকে রাজ্যের মেধাতালিকায় দশম স্থান দখল করেছে পুরুলিয়ার মৌনালী মণ্ডল। জেলায় মেয়েদের মধ্যেও সে প্রথম। শুক্রবার সেই কৃতিত্বকেই সম্মান জানাল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (উপ্তা)।
সংগঠনের সদস্য তথা পুরুলিয়া সদর ১ নম্বর চক্রের প্রাথমিক শিক্ষক মহেশ্বর মণ্ডলের কন্যা মৌনালী এ বছরের মাধ্যমিক পরীক্ষায় নজর কেড়েছে গোটা জেলার। তার সাফল্যে খুশির হাওয়া শিক্ষক মহলেও।
শুক্রবার সকালে উপ্তার পুরুলিয়া জেলা কমিটির সদস্যেরা মৌনালীর বাড়িতে যান। পুষ্পস্তবক, মানপত্র ও শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয় তাকে। উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা মৌনালীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সংগঠনের জেলা সভাপতি কীর্তনচন্দ্র মাহাতো বলেন, “মৌনালীর সাফল্য শুধু একটি পরিবারের নয়, গোটা শিক্ষক সমাজের গর্ব। একজন শিক্ষক স্কুলের পাশাপাশি নিজের ঘরেও শিক্ষার আলো ছড়াতে পারেন, মহেশ্বরবাবু তার উদাহরণ।”
তাঁর আরও বক্তব্য, “শিক্ষক সমাজ শুধু দাবি-দাওয়া নিয়েই আন্দোলন করে না, ভবিষ্যৎ প্রজন্মও তৈরি করে। মৌনালীর এই সাফল্য পুরুলিয়ার বহু ছাত্রছাত্রীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।”