শুভদীপ মাহাতো, পুরুলিয়া:
স্বাধীনতা দিবসের আবেগে ভাসছে গোটা দেশ। আর এই বিশেষ দিনটি উদযাপন করতে আজ এক বিশাল বাইক র্যালির সাক্ষী থাকল পুরুলিয়া শহর। জাতীয়তাবাদী ছাত্র সংগঠন 'এবিভিপি'-র উদ্যোগে আয়োজিত এই র্যালি ঘিরে আজ ছাত্র-যুবদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
এদিন সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয় এই বর্ণাঢ্য র্যালি। সারি সারি বাইক, আর প্রতিটি বাইকেই সগর্বে উড়ছে জাতীয় পতাকা, পাশাপাশি রয়েছে সংগঠনের নিজস্ব পতাকাও। দীর্ঘ এই বাইক মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে শেষ হয় জগন্নাথ কিশোর মহাবিদ্যালয়ে গিয়ে।
শুধুমাত্র একটি র্যালি নয়, এটি যেন ছিল দেশপ্রেমের এক চলন্ত ছবি। পুরো রাস্তা জুড়েই বাইক আরোহীদের মুখে শোনা যায় প্রবল উৎসাহ, উদ্দীপনা আর জাতীয়তাবাদী স্লোগান। তাদের সেই জোরালো স্লোগানে এদিন আক্ষরিক অর্থেই মুখরিত হয়ে ওঠে গোটা পুরুলিয়া শহর। রাস্তার দু'পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও উৎসাহের সঙ্গে এই র্যালি উপভোগ করেন। সব মিলিয়ে স্বাধীনতা দিবসের আনন্দে এক অন্য মাত্রা যোগ করল আজকের এই বিশেষ উদ্যোগ।