নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
সাড়ম্বরে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করলো পুরুলিয়া জেলা পুলিশ। শনিবার বেলগুমা পুলিশ লাইনে আয়োজিত এক বিশেষ কুচকাওয়াজ ও সমারোহের মাধ্যমে দিনটি বিশেষভাবে স্মরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ প্রথা ও নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময়ে উপস্থিত ছিলেন জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মীবৃন্দ। পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক পরিবেশের মধ্য দিয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
জেলা পুলিশের সাম্প্রতিক নানা সাফল্য ও নিবেদিত সেবার মূল্যায়ন হিসাবে এই মঞ্চ থেকেই দেওয়া হয় বিশেষ স্বীকৃতি। কর্মক্ষেত্রে প্রশংসনীয় পারদর্শিতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য বেশ কয়েকজন পুলিশ সদস্যকে কর্মকর্তাদের হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে শংসাপত্র সহ সংবর্ধিত করা হয়।
কেবল দেশপ্রেম প্রদর্শনই নয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তোলার বার্তা ছড়িয়ে দিতে এই দিনটিকে বেছে নেয় জেলা পুলিশ। মূল কর্মসূচির পর পুলিশ কর্মকর্তাদের প্রত্যক্ষ অংশগ্রহণে পুলিশ লাইন প্রাঙ্গণে একটি বিশেষ বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হয়।
বেলগুমা পুলিশ লাইনের পাশাপাশি জেলা জুড়ে স্বাধীনতা দিবসের এই আনন্দ ছড়িয়ে পড়ে সমস্ত সাব-ডিভিশন, থানা ও বিভিন্ন পুলিশ ইউনিটে। একই সাথে উদযাপিত হয়
দেশের স্বাধীনতা দিবস। নিজ নিজ কার্যালয় ও ইউনিটে মর্যাদা এবং উৎসবমুখর পরিবেশে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত আধিকারিকরা।